ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এবং একুশে পদক প্রাপ্ত ক্রীড়া সাংবাদিক আব্দুল হামিদ। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।
আব্দুল হামিদের পুত্রবধু ইশরাত কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, “মাস দুয়েক ধরে তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। কিছু দিন আগে তার স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়ে। তার পর থেকেই অসুস্থতা বেড়ে যায়।”
“শুক্রবার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে,” যোগ করেন তিনি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবার প্রিয় ‘হামিদ ভাই’ বর্তমানে দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার ক্রীড়া সম্পাদক। তিনি বাংলাদেশের রেডিও এবং টেলিভিশন ধারাভাষ্যের অন্যতম পথিকৃৎ।
আব্দুল হামিদের পরিবার তার আরোগ্য কামনা করে দেশের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০২ঘ.
bdnews24