ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের অন্যতম আকর্ষণ অ্যাথলেটিকস আর অ্যাথলেটিকসের প্রধান আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্ট। শনিবার মেয়েদের ১০০ মিটারের ফাইনাল। অর্থাৎ বিশ্বের দ্রুততম মানবী হওয়ার লড়াই।
এই গ্রহের দ্রুততম মানবীর নাম জানতে শনিবার বাংলাদেশ সময় রাত ২টা ৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রীড়াপ্রেমীদের।
এই লড়াই শুরু হওয়ার আগে সবচেয়ে বেশি আলোচনা গত অলিম্পিকের চ্যাম্পিয়ন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস এবং বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কারমেলিটা জেটারকে ঘিরে।
২০০৮ বেইজিং অলিম্পিক এবং ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার জিতে ‘ডাবল’ জয়ের অনন্য কৃতিত্ব গড়া ফ্রেজার-প্রাইসের সময়টা তেমন ভালো যাচ্ছে না। এ বছর ১১ সেকেন্ডের কমে দৌড় শেষ করেছেন মাত্র একবার। তবে ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে নিউ ইয়র্কে ডায়মন্ড লিগ জিতলেও হেরে গেছেন রোমে।
গত বছর দক্ষিণ কোরিয়ার দায়েগুতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার জেতা জেটার তুলনায় বেশি আত্মবিশ্বাসী। এ বছর তার সেরা টাইমিংও (১০.৮১ সেকেন্ড) লন্ডন জয়ের স্বপ্ন দেখাচ্ছে তাকে।
ব্যক্তিগত সেরা টাইমিংয়েও ফ্রেজার-প্রাইসের (১০.৭০) চেয়ে এগিয়ে জেটার (১০.৬৪)।
এই দুজনকে পরীক্ষায় ফেলতে প্রস্তুত বুলগেরিয়ার ইভেট লালোভা, যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স ও জ্যামাইকার কেরন স্টুয়ার্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২৮ঘ.
bdnews24