ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে টানা ছয় দিন ধরে শীর্ষে থাকা চীনের সঙ্গে ব্যবধান কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র। ১৮ সোনা, ১১ রুপা ও ৫ ব্রোঞ্জসহ ৩৪টি পদক নিয়ে শীর্ষে থাকলেও ১৮ সোনা ৯ রুপা ও ১১ ব্রোঞ্জসহ ৩৮ পদক নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে যুক্তরাষ্ট্র। ৭ সোনা, ২ রুপা ও ৬ ব্রোঞ্জ নিয়ে তিনেই আছে দক্ষিণ কোরিয়া।
টেবিল টেনিস
পুরুষ এককে প্রত্যাশিত সোনা ও রুপা জিতেছে চীন। ফাইনালে ওয়াং হাওকে হারিয়ে সোনা জিতেছেন জিকে ঝাং। এর আগে ২০০৪ সালে এথেন্সে ও ২০০৮ সালে বেইজিংয়ে রুপা জেতেন ২৮ বছর বয়সী ঝাং। চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকের সোনা জিতে গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করলেন তিনি। এর আগে মহিলা এককের ফাইনালেও খেলেন চীনের দুই খেলোয়াড়।
আর্চারি
মহিলাদের ব্যক্তিগত আর্চারিতে রুমানিয়ার আইদা রোমানকে তীব্র লড়াইয়ের পর ৬-৫ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার বায়ে কি বো। যুক্তরাষ্ট্রের খাতুনা লোরিগকে ৬-২ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন রোমানিয়ার ম্যারিয়ানা অ্যাভাইটা।
ক্যানু স্ল্যালোম
পুরুষদের ক্যানু স্ল্যালোম ডাবল-এ সোনা ও রুপা দুটিই জিতেছে স্বাগতিক যুক্তরাজ্য। ১০৬.৪১ স্কোর করে সোনা জিতেছেন টিম বেইলি ও এটিয়েনে স্টট। ১০৬.৭৭ স্কোর করে রুপা জিতেছেন ডেভিড ফ্লোরেন্স ও রিচার্ড হানস্লো। ১০৮.২৮ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন স্লোভাকিয়ার পাভোল ও পিটার হসচরনার।
মহিলাদের কায়াকে (কে-১) ১০৫.৯০ স্কোর করে সোনা জিতেছেন ফ্রান্সের এমিলি ফার। ১০৬.৫১ স্কোর করে অস্ট্রেলিয়ার জেসিকা ফক্স রুপা ও ১০৬.৮৭ স্কোর করে স্পেনের মায়ালেন চৌরাউট ব্রোঞ্জ জিতেছেন।
সাইক্লিং
এক দিনে দুবার বিশ্ব রেকর্ড গড়ে পুরুষদের দলগত স্প্রিন্টে সোনা জিতেছে যুক্তরাজ্য। বাছাই পর্বে ৪২.৭৪৭ মিনিট সময় নিয়ে প্রথম ও ফাইনালে ৪২.৬০০ মিনিট সময় নিয়ে দ্বিতীয়বার নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফ্রান্স ও জার্মানিকে পেছনে ফেলে স্বাগতিকরা।
মহিলাদের দলগত ¯িপ্রন্টে চীনকে হারিয়ে সোনা জিতেছে জার্মানি। এর আগে বাছাই পর্বে ৩২.৪২২ মিনিট সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে চীন।
রোয়িং
পুরুষদের ডাবল স্কলসে জিতে নিউজিল্যান্ডকে প্রথম সোনা এনে দিয়েছেন নাথান কোহেন ও জোসেফ সুলিভান। ৬ মিনিট ৩১.৬৭ সেকেন্ড সময় নিয়ে তারা পেছনে ফেলেন ইতালির অ্যালিসো সার্টোরি ও রোমানো বাতিস্তিকে (৬ মিনিট ৩২.৮০ )। ৬ মিনিট ৩৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে স্লোভাকিয়াকে ব্রোঞ্জ এনে দিয়েছেন লুকা স্পিক ও লাজটক কোপ।
পুরুষদের লাইটওয়েট ফোরে যুক্তরাজ্য (৬ মিনিট ৩.০৯ সেকেন্ড) ও সুইডেনকে (৬ মিনিট ৩.১৬ সেকেন্ড) পেছনে ফেলে সোনা জিতেছে দক্ষিণ আফ্রিকা (৬ মিনিট ২.৮৪)।
মহিলাদের এইটে কানাডা (৬ মিনিট ১২.০৬ সেকেন্ড) ও নেদারল্যান্ডসকে (৬ মিনিট ১৩.১২ সেকেন্ড) পেছনে ফেলে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র (৬ মিনিট ১০.৫৯ সেকেন্ড)।
জুডো
পুরুষদের ১০০ কেজি ওজন শ্রেণীতে মঙ্গোলিয়ার তুভশিনবায়ার নায়দানকে হারিয়ে সোনা জিতেছেন রাশিয়ার তাগির খাইবুলভ। দক্ষিণ কোরিয়ার হাওয়াং হি-তায়েকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের হেঙ্ক গ্রল।
মহিলাদের ৭৮ কেজি ওজন শ্রেণীতে যুক্তরাজ্যের জেম্মা গিবসনকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কাইলা হ্যারিসন। ব্রোঞ্জ জিতেছেন ব্রাজিলের মায়রা আগুইর ও ফ্রান্সের আদ্রি চিউমিয়ো।
শ্যুটিং
পুরুষদের ডাবল ট্র্যাপে ১৮৮ স্কোর করে সোনা জিতেছেন যুক্তরাজ্যের পিটার রবার্ট রাসেল উইলসন। ১৮৬ স্কোর করে সুইডেনের হাকেন ডালবি রুপা ও ১৮৫ স্কোর করে রাশিয়ার ভাসিলি মসিন ব্রোঞ্জ জিতেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১০১ঘ.
bdnews24