ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ না থাকায় সিনথেটিক টার্ফে পানি দেয়া সম্ভব হয়নি। তাই শুক্রবার প্রিমিয়ার হকি লিগের আবাহনী লিমিটেড-ঊষা ক্রীড়া চক্রের গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে পারেনি।
দুই দল সোয়া এক ঘন্টা অপেক্ষা করলেও হকি ফেডারেশন বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারেনি।
ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ আদেল জানিয়েছেন, “আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারিনি। এখানে আমাদের কোনো হাত নেই। আমাদের আন্তরিকতারও কোনো অভাব ছিলো না।”
“টার্ফে পানি দেয়া সম্ভব না হলে কোনো ভাবেই খেলা আয়োজন করা সম্ভব নয়। কারণ এতে খেলোয়াড়দের ইনজুরির শঙ্কা বেড়ে যায়,” যোগ করেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে হকি ফেডারেশন জানিয়েছে, বডিলি শিফট হয়ে শনিবার থেকে পরবর্তী ম্যাচগুলো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৩ঘ.
bdnews24