২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশৃঙ্খল ম্যাচে মোহামেডান-আবাহনীর ড্র

৭০ মিনিটের ম্যাচ, অথচ শেষ হতে সময় লেগেছে দুই ঘন্টারও বেশি! বুধবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে মোহামেডান-আবাহনীর গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তেজনা ছাপিয়ে বিশৃঙ্খলাই ছিল বেশি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শেষ হয়েছে ১-১ অমীমাংসায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭০ মিনিটের ম্যাচ, অথচ শেষ হতে সময় লেগেছে দুই ঘন্টারও বেশি! বুধবার প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে মোহামেডান-আবাহনীর গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তেজনা ছাপিয়ে বিশৃঙ্খলাই ছিল বেশি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শেষ হয়েছে ১-১ অমীমাংসায়। দুই ভারতীয় আম্পায়ার শম্বুরাজ ও মিরনের কয়েকটি ভুল সিদ্ধান্তই বিশৃঙ্খলার কারণ। খেলোয়াড়রা ঐ সব সিদ্ধান্তের প্রতিবাদ করায় দুই দফায় ৫২ মিনিট খেলা বন্ধ থেকেছে। আবাহনীর বিপক্ষে একটি পেনাল্টি কর্নার দেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রথমবার খেলা বন্ধ হয়ে যায়। আবাহনীর খেলোয়াড়রা দাবি করেন, কারো পায়ে বল না লাগলেও আম্পায়ার পেনাল্টি কর্নারের বাঁশি বাজিয়েছেন। এর প্রতিবাদে আবাহনী ২২ মিনিট খেলা বন্ধ রাখে। পরে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠে নামে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলের খেলোয়াড়দের গণ্ডগোলে আবার খেলা বন্ধ হয়ে যায়। আবাহনীর পাকিস্তানী খেলোয়াড় মোহাম্মদ মুদাসসরের স্টিক দিয়ে মোহামেডানের মালয়েশীয় খেলোয়াড় টেঙ্কু আহমেদ তাজউদ্দিনের পায়ে আঘাত করা থেকে গোলমালের সূত্রপাত। সে সময় ৩০ মিনিট বন্ধ ছিল খেলা। অবশ্য যতক্ষণ খেলা হয়েছে ততক্ষণ উত্তেজনার কমতি ছিল না। গোল দুটোও হয়েছে অল্প সময়ের মধ্যে। সপ্তম মিনিটে রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। দুই মিনিট পরই আবাহনীকে সমতায় ফেরান পুষ্কর ক্ষিসা মিমো। এবারের লিগে মোহামেডান প্রথম পয়েন্ট নষ্ট করায় শিরোপা-লড়াই জমে উঠেছে দারুণভাবে। ১৩ ম্যাচ থেকে মোহামেডানের সংগ্রহ ৩৭ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পেছনেই পুরনো ঢাকার দল ঊষা ক্রীড়া চক্র। আবাহনীর ৩৩ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৪ঘ