ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মানি লন্ডন অলিম্পিকে সোনার দেখা পেল অশ্বচালনার ক্রীড়া ইকুয়েস্ট্রিয়ানে। মঙ্গলবার অশ্বচালনার দলগত ও ব্যক্তিগত দুটো ইভেন্টেই সোনা জিতেছে দেশটি।
ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত জাম্পিং ইভেন্টে জার্মানির মাইকেল জুং সোনা ও সান্ড্রা আউফারঠ ব্রোঞ্জ জেতেন। সুইডেনকে রূপা এনে দিয়েছেন সারা অসথল্ট।
এর আগে দলগত জাম্পিংয়ে স্বাগতিক যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে এ অলিম্পিকের প্রথম সোনা পায় জার্মানি।
লন্ডন অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে ইভেন্ট ৬টি।
ক্যানুর প্রথম সোনা ফ্রান্সের
লন্ডন অলিম্পিকে নৌকা চালনার ক্রীড়া ক্যানুর প্রথম সোনা গেল ফ্রান্সের ঘরে। ক্যানু স্লালমের পুরুষ এককে ফ্রান্সকে সোনা এনে দিয়েছেন টনি এস্টানগুয়ে। এই ইভেন্টে জার্মানি রূপা ও স্লোভাকিয়া ব্রোঞ্জ জিতেছে।
লন্ডন অলিম্পিকে ক্যানুর দুটো ডিসিপ্লিন ‘ফ্ল্যাটওয়াটার’ ও ‘স্ল্যালম’ -এ ১৬টি সোনার লড়াই হচ্ছে।
স্লালম হচ্ছে ঝঞ্ঝাবিক্ষুব্ধ পাহাড়ি নদী বেয়ে বিশেষ ধরণের নৌকা চালনার প্রতিযোগিতা। অবশ্য লন্ডনে এ প্রতিযোগিতায় জন্য কৃত্রিমভাবে জলাশয় বানানো হয়েছে।
ক্যানুর ফ্ল্যাটওয়াটারে প্রতিযোগিতা হয় স্থির পানিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৩২১ ঘ.
bdnews24