ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের জিমন্যাস্টিক্সে বিশাল অঘটন! তিন পরাশক্তি রাশিয়া, রুমানিয়া ও চীনকে পেছনে ফেলে মঙ্গলবার মেয়েদের দলগত ইভেন্টের সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।
জিমন্যাস্টিক্সের এই মর্যাদার ইভেন্টে মার্কিন মেয়েদের এটি মাত্র দ্বিতীয় অলিম্পিক শিরোপা। প্রথমটি এসেছিলো ১৯৯৬ সালে, স্বদেশের আটলান্টা অলিম্পিকে।
চমক জাগানো সাফল্য হলেও চূড়ান্ত লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কাছে কেউ পাত্তাই পায়নি। গ্যাব্রিয়েলা ডগলাস, কাইলা ম্যাক ম্যারোনি, আলেকজান্দ্রা রেইসম্যান, কাইলা রস ও জর্ডিন ওয়াইবারের দলের স্কোর ১৮৩.৫৯৬।
রুপা জয়ী রাশিয়া (১৭৮.৫৩০) ও ব্রোঞ্জ পাওয়া রুমানিয়া (১৭৬.৪১৪) যুক্তরাষ্ট্রের চেয়ে বেশ পিছিয়েই পড়েছে।
চার বছর আগে বেইজিংয়ে স্বদেশের মানুষকে উল্লাসে ভাসিয়ে সোনা জিতেছিলো চীন। অথচ এবার তারা পদকবিহীন। ১৭৪.৪৩০ স্কোর করা চীনের মেয়েদের চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১২৩৭ঘ.
bdnews24