ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতার জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি শুরু হচ্ছে বুধবার থেকে। প্রাথমিক দলে সুযোগ পাওয়া ৩২ জনের মধ্যে ২৭ জন মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছেন।
আগামী ৭ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বসবে সাফ মহিলা ফুটবলের দ্বিতীয় আসর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু জানিয়েছেন, “পরীক্ষার কারণে পাঁচ ফুটবলার ক্যাম্পে যোগ দিতে পারেননি। আশা করি পরীক্ষা শেষ হওয়ার পর তারা যোগ দেবেন।”
ক্যাম্পে অনুপস্থিত পাঁচ জন হলেন সুরাইয়া আক্তার, সাবিনা খাতুন, ফাতেমাতুজ জোহরা, জান্নাতুল ফেরদৌস ও টুম্পা মনি।
এর আগে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে হলেও এবার জাতীয় দলের আবাসিক ক্যাম্প হবে বাফুফে ভবনে। আর অনুশীলন হবে আরামবাগ বালুর মাঠের সিনথেটিক টার্ফ ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
প্রথম ৭ দিন হবে কন্ডিশনিং ক্যাম্প। এরপর প্রতিদিন দুই বেলা করে কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে অনুশীলন করবেন মহিলা ফুটবলাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৭ঘ.
bdnews24