২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ব্যর্থ লোক্টি

অলিম্পিকের সুইমিং পুলে তৃতীয় দিনটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য অম্ল-মধুর। দুজন শিরোপা প্রত্যাশী ব্যর্থ হলেও দুটি সোনা জিতেছে তারা। যাদের মধ্যে রায়ান লোক্টির ব্যর্থতা জন্ম দিয়েছে বিস্ময়ের। আগের দিনও ৪০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্যর্থ হয়েছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 08:10 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের সুইমিং পুলে তৃতীয় দিনটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য অম্ল-মধুর। দুজন শিরোপা প্রত্যাশী ব্যর্থ হলেও দুটি সোনা জিতেছে তারা। যাদের মধ্যে রায়ান লোক্টির ব্যর্থতা জন্ম দিয়েছে বিস্ময়ের। আগের দিনও ৪০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্যর্থ হয়েছিলেন তিনি। পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে অঘটন ঘটিয়ে ১ মিনিট ৪৩.১৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ফ্রান্সের ইয়ানিক অ্যাগনেল। ১ মিনিট ৪৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে দক্ষিণ কোরিয়ার পার্ক তায়ে-হোয়ান ও চীনের সুন ইয়াং যৌথভাবে রুপা জিতেছেন। আর ১ মিনিট ৪৫.০৪ সেকেন্ড নিয়ে চতুর্থ হয়েছেন লোক্টি। সেমিফাইনালেও তায়ে-হোয়ানের (১ মিনিট ৪৬.২ সেকেন্ড) পেছনে ছিলেন লোক্টি (১ মিনিট ৪৬.৩১ সেকেন্ড)। তবে মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮.৩৩ সেকেন্ড সময় নিয়ে মার্কিন রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিয়েছেন মিসি ফ্র্যাঙ্কলিন। এই ইভেন্টে স্বাগতিক যুক্তরাজ্যের এমিলি সিবোম ৫৮.৬৮ সেকেন্ডে রুপা এবং জাপানের আয়া তেরাকাওয়া ৫৮.৮৩ সেকেন্ডে এশীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছেন। পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনাও গেছে মার্কিনীদের ঘরে। ৫২.১৬ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে পঞ্চম সোনা এনে দিয়েছেন ম্যাথিউ গ্রেভার্স। ৫২.৯২ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রেরই নিক থমান রুপা ও ৫২.৯৭ সেকেন্ড সময় নিয়ে জাপানের ইরি রাইয়োসুকে ব্রোঞ্জ জিতেছেন। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ৫.৪৭ সেকেন্ড সময় নিয়ে লিথুনিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন রুতা মিলুতিতে। প্রথমবার ফলস স্টার্ট নেয়া যুক্তরাষ্ট্রের রেবেকা সনি ১ মিনিট ৫.৫৫ সেকেন্ড সময় নিয়ে রুপা ও জাপানের সাতোমি সুজুকি ১ মিনিট ৬.৪৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে ১ মিনিট ৫৪.৫৩ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়ে ফাইনালে উঠেছেন মাইকেল ফেলপস। এর আগে বাছাইপর্বেও ১ মিনিট ৫৫.৫৩ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়ে সেমিফাইনালে পা রাখেন বেইজিং অলিম্পিকে ৮ সোনা জয়ী এই সাঁতারু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০২০৭ঘ.