ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার বাছাই পর্বে তেমন ভালো করতে পারেনি তারা। তবে চূড়ান্ত লড়াইয়ে চীনেরই জয়জয়কার। সোমবার জিমন্যাস্টিক্সের পুরুষ দলগত ইভেন্টের শিরোপা জিতেছে অলিম্পিকের গতবারের চ্যাম্পিয়নরাই। পদক তালিকায় সবচেয়ে এগিয়ে থাকা চীনের এটি নবম সোনা।
সবাইকে পেছনে ফেলে ২৭৫.৯৯৭ পয়েন্ট স্কোর করেছে চীন।
এই ইভেন্টের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর এক প্রতিযোগীর পয়েন্ট নিয়ে আপিল করেছিলো জাপান। প্রথমে চতুর্থ হলেও আপিলে জিতে ২৭১.৯৫২ পয়েন্ট নিয়ে রুপা জিতেছে তারা।
স্বাগতিক যুক্তরাজ্য ২৭১.৭১১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে। আর ২৭১.৫২৬ পয়েন্ট নিয়ে প্রথমে ব্রোঞ্জ জেতার আনন্দে ভেসে যাওয়া ইউক্রেন শেষ পর্যন্ত চতুর্থ হয়েছে।
রোববার বাছাই পর্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির পেছনে থেকে পঞ্চম ও ষষ্ঠ হয়েছিলো জাপান ও চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১২৪৮ঘ.
bdnews24