ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ফ্রান্সের কাছে স্বর্ণপদক হারালেও অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জয়ের দিকে আরো এক ধাপ এগিয়েছেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস।
৩ মিনিট ৯ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে ফ্রান্সকে সাঁতারে সোনা এনে দিয়েছেন আমুরি লেভাং, ফ্যাবিয়ান জিলত, ক্লেমন্তে লেফার্ত ও অ্যানজেল ইয়ানিক। ৩ মিনিট ১০ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছে নাথান অ্যাড্রিয়ান, মাইকেল ফেলপস, জোনস কোলেন ও রায়ান লোকটির সমন্বয়ে গড়া যুক্তরাষ্ট্রের শক্তিশালী দলটি। ব্রোঞ্জ জিতেছে রাশিয়া।
বেইজিং অলিম্পিকে ৮ সোনা জেতা ফেলপসের এখন পর্যন্ত সোনা না পাওয়া বড় বিষ্ময় হয়েই এসেছে। তারপরও এই রৌপ্য পদক নিয়ে অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জয়ের দিকে আরো এক ধাপ এগিয়েছেন তিনি। এখন সর্বোচ্চ ১৮টি পদক জয়ী রাশিয়ার জিমন্যাস্ট লারিসা লাতিনিনার চেয়ে মাত্র ১টি পদক কম ফেলপসের (১৭)।
মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৫ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে তৃতীয় সোনা এনে দিয়েছেন ডানা ভলমার। পুরনো রেকর্ড ছিল ৫৬ দশমিক ০৬ সেকেন্ড। ৫৬.৮৭ সেকেন্ড সময় নিয়ে চীনের লু ইয়ং রূপা ও ৫৬ দশমিক ৯৪ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়ার অ্যালিসিয়া কোটস ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৪ মিনিট ১ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে প্রত্যাশিত জয় পেয়ে বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বরেকর্ড ধারী ক্যামেলি মুফাত ফ্রান্সকে প্রথম সোনা এনে দিয়েছেন। রূপা জেতা মার্কিন সাঁতারু এলিসন স্মিটকে হারানোর পথে নিজের অলিম্পিক রেকর্ড নতুন করে লিখিয়েছেন তিনি। ব্রোঞ্জ জিতেছেন স্বাগতিক যুক্তরাজ্যের রেবেকা এডলিংটন।
পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৫৮ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সোনা এনে দিয়েছেন ক্যামেরন ভ্যান ডার বার্গ। ৫৮.৯৩ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিস্টিয়ান স্প্রেনগার রূপা ও ৫৯.৪৯ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের ব্রেন্ডন হানসেন ব্রোঞ্জ জেতেন।
অন্যদিকে ছেলেদের ৫৬ কেজি ওজন শ্রেণীর ভারোত্তলনে ২৯৩ কেজি ওজন তুলে অলিম্পিক রেকর্ড গড়া ইয়ুন চোল ওমের হাত ধরে এসেছে উত্তর কোরিয়ার দ্বিতীয় সোনা। ২৮৯ কেজি ওজন তুলে চীনের ওয়ো জিংবিয়াও রূপা ও ২৮৬ কেজি ওজন তুলে আজারবাইজানের রিস্তভ ভ্যালান্তিন ব্রোঞ্জ জিতেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১১০৫ ঘ.
bdnews24