ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্যূটিংয়ের আরো একটি সোনা জিতলো চীন। ৪৮৮.১ স্কোর করে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে দেশকে পঞ্চম সোনা এনে দিয়েছেন ওয়েনজুন জুও।
৪৮৬.৬ পয়েন্ট নিয়ে ফ্রান্সের সেলিন গোবারভিলা রুপা এবং সমান পয়েন্ট নিয়ে ইউক্রেনের ওলেনা কোসতেভিচ ব্রোঞ্জ পদক জিতেছেন। লন্ডন অলিম্পিকে ফ্রান্স ও ইউক্রেন এই প্রথম পদক জিতলো।
ফল দেখে বোঝা যাচ্ছে না কী তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই ইভেন্টে। শেষ শটে নাটকীয়ভাবে গোবরাভিলকে টপকে গিয়ে সোনা জিতেছেন ওয়েনজুন।
এর আগে ৩৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষ থেকেই বাছাই পর্বে এগিয়ে ছিলেন ওয়েনজুনই। ফাইনালের প্রথম রাউন্ডে বাজে শট নেয়ায় পিছিয়ে পড়েন তিনি।
এ সময় এগিয়ে যান ফ্রান্সের গোবারভিলা। নবম রাউন্ড শেষে .৫ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনিই। শেষ শটে ৮.৮ স্কোর করে শেষ পিছিয়ে পড়েন তিনি। অন্যদিকে শেষ শটে ১০.৮ স্কোর করে সোনা জিতে নেন ওয়েনজুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭৩৭ ঘ.
bdnews24