২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলপসের বিস্ময়কর ব্যর্থতা

বেইজিং অলিম্পিকে বিশ্বকে চমকে দেয়া মাইকেল ফেলপস লন্ডন অলিম্পিকে নিজের প্রথম ইভেন্টে হতাশ করেছেন ভক্তদের। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে চতুর্থ হয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 07:56 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেইজিং অলিম্পিকে বিশ্বকে চমকে দেয়া মাইকেল ফেলপস লন্ডন অলিম্পিকে নিজের প্রথম ইভেন্টে হতাশ করেছেন ভক্তদের। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে চতুর্থ হয়েছেন তিনি। এই ইভেন্টে ফেলপসের স্বদেশী ও সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রায়ান লোক্টি যুক্তরাষ্ট্রকে প্রথম সোনা এনে দিয়েছেন। ব্রাজিলের থিয়াগো পেরেরা রুপা ও জাপানের ১৭ বছর বয়সী হাগিনো কোসুকি ব্রোঞ্জ জিতেছেন। এর আগে বলতে গেলে ভাগ্যের জোরেই বাছাই পর্ব পেরিয়েছেন ফেলপস। চতুর্থ হিটে হাঙ্গেরির লাজলো চেসের চেয়ে মাত্র ০.০৭ সেকেন্ড এগিয়ে থেকে সাঁতার শেষ করে অষ্টম প্রতিযোগী হিসেবে চূড়ান্ত পর্বে ওঠেন বিশ্ব রেকর্ডধারী এই সাঁতারু। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে বেইজিং অলিম্পিকের পর বাদই দিয়েছিলেন ফেলপস। এই সুযোগে দুটি বিশ্ব চ্যাম্পিয়শিপ জিতেছেন লোক্টি। মার্কিন ট্রায়ালেও লোক্টির কাছে ০.৮১ সেকেন্ডের ব্যবধানে হারেন ফেলপস। এদিকে পুরুষদের ৪০০ বাটারফ্লাইয়ে ৩ মিনিট ৪০.১৪ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে চীনকে তৃতীয় সোনা এনে দিয়েছেন সানি ইয়ং। ৩৫০ মিটার পর্যন্ত এগিয়ে থেকে ৩ মিনিট ৪২.০৬ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন দক্ষিণ কোরিয়ার পার্ক তায়ে-হান। বিশ্ব রেকর্ডধারী পল বাইডামেন বাছাই পর্বই পেরোতে পারেননি। মহিলাদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ২৮.৪৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়ে চীনকে চতুর্থ সোনা এনে দিয়েছেন ওয়ি শিওয়েন। যুক্তরাষ্ট্রের এলিজাবেথ বিসেল রুপা ও চীনের লি জুয়ানজু ব্রোঞ্জ জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১৫৫ঘ.