ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফলস স্টার্টের কারণে ডিসকোয়ালিফায়েড ঘোষিত হলেও পরে আপিলে জিতে লন্ডন অলিম্পিকের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ফাইনালে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সাঁতারু পার্ক তায়ে-হোয়ান। বিশ্ব সাঁতারের পরিচালনা পর্ষদ ফিনা এ তথ্য জানিয়েছে।
শনিবার সকালে ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের হিটে ডিসকোয়ালিফায়েড হয়েছিলেন বিশ্ব ও গত অলিম্পিক চ্যাম্পিয়ন তায়ে-হোয়ান।
ক্ষুব্ধ তায়ে-হোয়ান তখন বলেছিলেন, “আমি জানি না কেন আমাকে ডিসকোয়ালিফায়েড করা হয়েছে। আমাকে আমার কোচের সঙ্গে কথা বলতে হবে।”
পরে সাঁতারের কর্মকর্তারা জানান, দক্ষিণ কোরিয়া দল ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।
চার বছর আগে বেইজিং অলিম্পিকে সোনা জেতা ছাড়াও ২০০৭ মেলবোর্ন ও ২০১১ সাংহাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে সোনা জিতেছিলেন তায়ে-হোয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩০ ঘ.
bdnews24