লন্ডন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিকেটের মাঠ লর্ডসে অলিম্পিকের আর্চারি দেখতে এসে ফিরে যেতে হলো শত শত ক্রীড়ামোদীকে।
অলিম্পিকের মূল আসর নয়, বাছাইপর্বের খেলা ছিল এটি। আনুষ্ঠানিকভাবে এ পর্বকে বলা হয়েছে ‘আনটিকেটেড’, যার অর্থ জনসাধারণের জন্য এটি উন্মুক্ত নয়।
কিন্তু কয়েকটি জালিয়াত ওয়েবসাইট থেকে এ পর্বের ভুয়া টিকেট কিনে শুক্রবার খেলা দেখতে এসেছিলেন অনেকেই। কর্তৃপক্ষ তাদের ঢুকতে না দেওয়ায় উত্তেজিত হয়ে ওঠেন হতাশ দর্শকরা।
অন্যদিকে, ‘আনটিকেটেড’ মানে ‘টিকেট লাগবে না’ ধরে নিয়েও অনেকে লর্ডসে গিয়েছিলেন। ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরও।
অলিম্পিকের আগের আসরগুলোতে ম্যারথন ও সাইক্লিংয়ের মতো কিছু ইভেন্টকে ‘আনটিকেটেড’ বলা হয়েছিল। তবে দর্শকরা বিনা টিকেটেই সেসব উপভোগ করতে পেরেছেন অকুস্থলে থেকে।
আমস্টার্ডাম থেকে এসেও স্টেডিয়ামে ঢুকতে না পেরে হতাশ ফান্না হর্সমান বলেন, “পুরোপুরি বোকা বানিয়ে দিল!”
“আমরা হোটেল পরিবর্তন করলাম যাতে সকাল সকাল উঠে আর্চারি দেখতে যেতে পারি। কিন্তু গিয়ে আমাকে জানতে হলো, আমি এখনো ওয়েবসাইটের তথ্য ঠিকঠাক বুঝতেই পারি না”, বলেন তিনি।
ক্ষোভ ঝরছিল লিটল ভেনিস থেকে আসা কারেন ম্যাকন্নেলের কণ্ঠেও। কারেন বলেন, “এটা ব্যর্থতা ছাড়া আর কিছু না।”
‘লন্ডন অর্গানাইজিং কমিটি ফর দ্য অলিম্পিক অ্যান্ড প্যারাঅলিম্পিক গেমস’ (এলওসিওজি) এর পরিচালক ডেবি জেভান্স এক বিবৃতিতে বলেন, ওয়েবসাইটে পর্যাপ্ত তথ্য ছিল এবং প্রাথমিক পর্বের খেলা সবসময়ই দর্শকহীন হয়।”
টিকেট জালিয়াতির বিষয়ে জানতে চাইলে লন্ডন অলিম্পিক ২০১২ এর এক মুখপাত্র টিকেট কেনার বিষয়ে ‘অত্যন্ত সতর্ক’ থাকতে এবং কেবলমাত্র ‘যথাযথ উৎস’ থেকে টিকেট কিনতে পরামর্শ দেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/জেকে/১২১৫ ঘ.
bdnews24