২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক: আর্চারির বাছাইয়ে মিলন ৬১তম

লন্ডন অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই মাঠে নেমেছেন বাংলাদেশের আর্চার ইমদাদুল হক মিলন। প্রতিযোগিতার বাছাই পর্বে ৬৪ জনের মধ্যে ৬১তম হয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই মাঠে নেমেছেন বাংলাদেশের আর্চার ইমদাদুল হক মিলন। প্রতিযোগিতার বাছাই পর্বে ৬৪ জনের মধ্যে ৬১তম হয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের আর্চারি ইভেন্টটি শুক্রবার শুরু হয়েছে ক্রিকেটের মাঠ লর্ডসে। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে মিলনের মোট স্কোর ৬৩৬। প্রথমার্ধে ৩১২ স্কোর করেন তিনি। আর দ্বিতীয়ার্ধে স্কোর ছিল ৩২৪। অবশ্য এটি মূল লড়াই ছিল না। বাছাই বা র‌্যাংকিং রাউন্ডে ঠিক করা হয়েছে পরের পদকের লড়াইয়ে কে কার সঙ্গে খেলবেন। এ ইভেন্টে পদকের লড়াই হবে ৩০ জুলাই। এই ইভেন্টে ৬৯৯ স্কোর করে র‌্যাংকিং পর্বেই বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার ইম ডং হাইয়ুন। ইম ডংয়ের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তারই স্বদেশী দুই আর্চারের সঙ্গে। কিম বুবমিন ৬৯৮ স্কোর করে দ্বিতীয় এবং ওহ জিন ৬৯০ স্কোর করে বাছাইতে তৃতীয় হয়েছেন। লন্ডনে আর্চারির ছেলে ও মেয়েদের একক ও দলীয় ইভেন্টে মোট ৪টি সোনার সবচেয়ে বড় দাবিদার দক্ষিণ কোরিয়াই। ১৯০০ থেকে ১৯২০ পর্যন্ত অলিম্পিকে নিয়মিত ইভেন্ট ছিল আর্চারি। এরপর প্রায় ৫০ বছর বিরতির পর ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে আবার চালু হয় আর্চারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসইউ/১৮২৮ ঘ.