ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকের আগে সম্মাননা জানানো হয়েছে কিংবদন্তী হেভিওয়েট বক্সার মোহাম্মদ আলীকে। ওই অনুষ্ঠান উপলক্ষ্যে লন্ডনে জমা হয়েছিলেন ক্রীড়া ও চলচ্চিত্র জগতের তারকারা।
ভিক্টোরিয়ায় বুধবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০ বছর বয়সী মোহাম্মদ আলী।
আলীর ভাই রহমান বলেন, “এখানে থাকতে পেরে সাবেক চ্যাম্পিয়ন খুবই খুশি ও গর্বিত। তিনি (মোহাম্মদ আলী) ১৯৬০ রোম অলিম্পিকে সোনা জিতেছিলেন। এবং তিনি আশা করছেন এবছর যুক্তরাষ্ট্রই চ্যাম্পিয়ন হবে।”
সাবেক টেনিস তারকা বরিস বেকার বলেন, “ক্রীড়া জগতের জীবন্ত এই কিংবদন্তীর উপস্থিতি অনেক বড় সম্মানের।”
“তিনি সারা বিশ্বে তার খেলাকে উপস্থাপন করেছেন। একজন অ্যাথলেট থেকে তিনি শান্তির দূতে পরিণত হয়েছেন। তিনি একজন বিশ্ব সৈনিকে পরিণত হয়েছেন। তিনি সুস্থ পৃথিবীর মুখপাত্র। তার জীবন এক কথায় অসাধারণ।”
রোম অলিম্পিকে সোনা জয়ী আলী তার আত্মজীবনীতে লিখেছিলেন, একটি ‘অল-হোয়াইট’ রেঁস্তোরায় তাকে আসন দিতে অস্বীকার করা হলে তিনি তার পদক ওহিও নদীতে ছুঁড়ে ফেলেন।
পরে ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে তাকে ওই পদক পুনরায় দেয়া হয়। সেবার ফ্লেম প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৪ ঘ.
bdnews24