ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশাল এক দুশ্চিন্তার বোঝা নেমে গেছে লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটির মাথা থেকে। কারণ বৃহস্পতিবারের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে হিথরো বিমানবন্দরের কর্মীরা। বুধবার ওই ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয় তারা।
ছাঁটাই ও কম বেতন সংক্রান্ত কারণে ওই ধর্মঘটের ডাক দিয়েছিলো বিমানবন্দরকর্মীরা।
তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র একদিন আগে ধর্মঘটের এই পরিকল্পনার জোরাল সমালোচনা শুরু থেকেই করে আসছিলো ব্রিটিশ সরকার।
দেশটির ক্রীড়ামন্ত্রী জেরেমি হান্ট বলেন, “জনগণের অভিযোগ থাকতেই পরে। কিন্তু এটা নিশ্চিত যে ওই অভিযোগ জানানোর জন্য অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিনটি মোটেও সঠিক দিন নয়।”
ব্রিটিশ সরকার বিমানবন্দর কর্মীদের ওই ধর্মঘটের বিরুদ্ধে আদালতের আদেশ নেয়ার প্রস্তুতিও নিচ্ছিলো। ধারণা করা হচ্ছে এই কারণেই হয়তো ধর্মঘটের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
কিন্তু পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিস ইউনিয়নের (পিসিএস) সাধারণ সম্পাদক মার্ক সেরউওটকা ওই ধারণাকে বাতিল করে দিয়ে বলেন, “ব্যক্তিগতভাবে আমার মনে হয় কঠোর পরিশ্রমী সরকারী কর্মচারীদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা খুবই পীড়াদায়ক। বিশেষ করে জেরেমি হান্টের মতো ব্যর্থ রাজনীতিবিদের তো তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার কোনে প্রয়োজনই নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০৪ ঘ.
bdnews24