ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের অলিম্পিকে বাংলাদেশের একমাত্র শূটার শারমিন আক্তার রত্না। অলিম্পিকের প্রস্তুতি নিতে আট সপ্তাহ ধরে লন্ডনে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। তাই তার কাছে ভালো ফলের প্রত্যাশা বাংলাদেশ শূটিং ফেডারেশনের কর্মকর্তাদের। রত্না নিজেও ভালো করার ব্যাপারে আশাবাদী।
শনিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
রত্নার বরাত দিয়ে শূটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু জানিয়েছেন, “দেশের মুখ উজ্জ্বল করার ব্যাপারে রত্না আশাবাদী। অলিম্পিকের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।”
“আমাদের বিশ্বাস এবারের অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদদের মধ্যে তার পারফরম্যান্সই হবে সেরা। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে রত্না দেশের মুখ উজ্জ্বল করবেন,” যোগ করেন তিনি।
কোচ শোয়েবুজ্জামানের অধীনে প্রশিক্ষণ নেয়া ছাড়াও মনঃসংযোগ বাড়ানোর জন্য মনোবিদ ড. ডেভিড হাটসিনসনের কাছ থেকেও কিছু দিন সাহায্য নিয়েছেন রত্না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪২ঘ.
bdnews24