২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে হারিয়ে মোহামেডানই শীর্ষে

পুরো ম্যাচে ছিল আবাহনী লিমিটেডের আধিপত্য। তবু জিততে পারেনি তারা। বুধবার প্রিমিয়ার হকি লিগে চিরপ্রতিদ্বন্দ্বীকে নাটকীয়ভাবে ৪-৩ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। পাকিস্তানী মিডফিল্ডার কাসিম আলীর হ্যাটট্রিকে দু-দুবার এগিয়েও হারের বেদনায় নীল আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরো ম্যাচে ছিল আবাহনী লিমিটেডের আধিপত্য। তবু জিততে পারেনি তারা। বুধবার প্রিমিয়ার হকি লিগে চিরপ্রতিদ্বন্দ্বীকে নাটকীয়ভাবে ৪-৩ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। পাকিস্তানী মিডফিল্ডার কাসিম আলীর হ্যাটট্রিকে দু-দুবার এগিয়েও হারের বেদনায় নীল আবাহনী। ১০ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া মোহামেডানের সংগ্রহ ৩০ পয়েন্ট। লিগে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ২৭ পয়েন্ট নিয়ে ঊষা ক্রীড়া চক্রর অবস্থান দ্বিতীয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১৬ মিনিটে কাসিম আলী এগিয়ে দেন আবাহনীকে (১-০)। ২৭ মিনিটে মিডফিল্ডার শেখ মোহাম্মদ নান্নু সমতায় ফেরান মোহামেডানকে (১-১)। যদিও এই গোল নিয়ে মাঠে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় ২০ মিনিট খেলা বন্ধও থাকে। খেলা আবার শুরু হওয়ার পর ৩২ মিনিটে মালয়েশীয় স্ট্রাইকার আহমেদ তাজউদ্দিনের দারুণ এক গোলে মোহামেডান এগিয়ে যায় (২-১)। জিমির পাস থেকে চমৎকার হিটে লক্ষ্যভেদ করেন তাজউদ্দিন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে কাসিম আলীর গোল আবার সমতা নিয়ে আসে খেলায় (২-২)। ৫৭ মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করেন তিনি (৩-২)। কিন্তু জয় নিয়ে ঘরে ফিরতে পারেনি আবাহনী। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল ভেঙ্গে দিয়েছে তাদের স্বপ্ন। ৬২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন এবং দুই মিনিট পর ফিল্ড অ্যাটাক থেকে স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির লক্ষ্যভেদে ক্লাব কাপ হকির সেমিফাইনালে হেরে যাওয়ার প্রতিশোধ ভালো মতোই নিয়েছে মোহামেডান। এই জয়ে দারুণ খুশি মোহামেডানের জার্মান কোচ গেরহার্ড পিটার। তিনি বলেন, “জয়ের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় পেয়েছি। যা সত্যিই আনন্দদায়ক।” অন্যদিকে ভালো খেলেও হেরে যাওয়ায় ভীষণ হতাশ আবাহনীর কোচ মাহবুব হারুন। তিনি বলেন, “শেষ আট মিনিট ম্যাচ থেকে ছিটকে দিয়েছে আমাদের। তা না হলে জয় পেলেও পেতে পারতাম। এই হারে শিরোপা লড়াই থেকেও আমরা ছিটকে পড়েছি। বড় কোনো অঘটন না ঘটলে আমাদের আর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৪ঘ.