ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার প্রিমিয়ার হকি লিগে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবে বিকেল সোয়া ৩টায়।
এ মৌসুমে এটি দু দলের দ্বিতীয় লড়াই। আগের ম্যাচে ক্লাব কাপের সেমিফাইনালে আবাহনী টাইব্রেকারে জিতেছিলো। মোহামেডানের সামনে এখন সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ।
কাগজে-কলমে আবাহনীর চেয়ে মোহামেডান অনেকখানি এগিয়ে। জাতীয় দলের আট-দশজন খেলোয়াড় সমৃদ্ধ মোহামেডানই এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী দল। বুধবারও তাদের এগিয়ে না রেখে উপায় নেই।
মোহামেডানের জার্মান কোচ গেরহার্ড পিটার জয়ের ব্যাপারে দারুণ আত্মবিাশ্বাসী। তিনি বলেন, “ক্লাব কাপে আবাহনীর কাছে আমরা হেরেছিলাম কৌশলগত কিছু ভুলের কারণে। আশা করি এই ম্যাচে তা হবে না।”
“তাছাড়া লিগে এখন পর্যন্ত একটি ম্যাচেও আমরা হারিনি। আবাহনীকে হারিয়ে ধারাবাহিকতা ধরে রাখতে চাই,” যোগ করেন পিটার।
আবাহনীর কোচ মাহবুব হারুনও প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন নির্দ্বিধায়। তিনি বলেন, “নিঃসন্দেহে দল হিসেবে মোহামেডান আমাদের চেয়ে অনেক এগিয়ে। তবে আমরা হারতে চাই না। আশা করি ক্লাব কাপের সাফল্যের পূনরাবৃত্তি ঘটাতে পারবো।”
শুধু শক্তির বিচারে নয়, লিগেও চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছে মোহামেডান। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে সাদা-কালো শিবির। ২৪ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান তৃতীয়।
এদিকে মঙ্গলবার প্রিমিয়ার হকি লিগে জয় পেয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব ও সোনালী ব্যাংক। আজাদ ৬-১ গোলে বাংলাদেশ পুলিশকে ও সোনালী ব্যাংক ২-১ গোলে মেরিনার ইয়াংস ক্লাবকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩৫৬ঘ.
bdnews24