ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি দলে বিদেশীর সংখ্যা কমানোর দাবিতে আন্দোলনে নামছেন ফুটবলাররা। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সভা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে স্মারক লিপি দেয়ারও ঘোষণা দিয়েছেন তারা।
খেলোয়াড় কল্যাণ সমিতির এই সভায় জাতীয় দলের কোনো ফুটবলার উপস্থিত ছিলেন না। যদিও সমিতির সভাপতি ইকবাল হোসেনের দাবি, জাতীয় দলের সবাই তাদের সঙ্গে আছেন। তিনি বলেন, “আশা করি ৩০ জুলাই পরবর্তী সভায় তারা উপস্থিত থাকবেন। ঐ সভার পরই বাফুফেকে স্মারক লিপি দেয়া হবে।”
“আমরা প্রতি দলে বিদেশীদের সংখ্যা ৭ জন থেকে কমিয়ে ৪ জন করার দাবি করবো। এই দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাবো,” যোগ করেন এই সাবেক ফুটবলার।
জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক বলেন, “আমরা বিদেশীদের সংখ্যা চারে নামিয়ে আনতে বলবো। বিদেশীদের আচরণগত সমস্যার কথাও স্মারক লিপিতে উল্লে¬খ করবো।”
গত মৌসুমেও বিদেশী ফুটবলারের সংখ্যা কমানোর দাবি জানিয়ে বাফুফের কাছে একটি চিঠি দিয়েছিলো খেলোয়াড় কল্যাণ সমিতি। তবে তাতে কোনো কাজ হয়নি। প্রতি দলে ৭ বিদেশী রাখার সিদ্ধান্তে অনড় থেকেছে বাফুফে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০০১২ঘ.
bdnews24