ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ দল হিসেবে প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভ নিশ্চিত করেছে সাধারণ বীমা। সেরা পাঁচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র ও সোনালী ব্যাংকের সঙ্গী হলো তারা।
৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মোহামেডান শীর্ষে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঊষা। আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং সোনালী ব্যাংক ও বীমা ১৫ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে।
সোমবার ঊষা ক্রীড়া চক্র বড় ব্যবধানে জিতেছে। তারা ৯-০ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে।
বিজয়ী দলের আফসার উদ্দিন ও মইনুল ইসলাম কৌশিক দুটি করে এবং একটি করে গোল করেন খোরশেদুর রহমান, শহিদুল্ল¬াহ টিটু, মোহাম্মদ আতিক, দ্বীন ইসলাম ইমন ও মোহাম্মদ ইমরান।
অন্য ম্যাচে সাধারণ বীমা ৪-১ গোলে বাংলাদেশ এসসিকে হারিয়েছে। বীমার এনামুল কবীর তুর্য্য দুটি এবং রাসেল হোসেন রনি ও আজিব সিং একটি করে গোল করেন।
বাংলাদেশ এসসির একমাত্র গোলদাতা আব্দুস সামাদ মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৭ঘ.
bdnews24