২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা দশের মধ্যে থাকাই মিলনের লক্ষ্য

এবারের অলিম্পিকেও বাংলাদেশের কোনো ক্রীড়াবিদের পদক জয়ের সম্ভাবনা নেই-ই বলা যায়। আরচার ইমদাদুল হক মিলনও সেই স্বপ্ন দেখছেন না। তার শুধু একটাই লক্ষ্য, সেরা দশ জনের মধ্যে থাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

মাহমুদুল হাসান ক্রীড়া প্রতিবেদক ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের অলিম্পিকেও বাংলাদেশের কোনো ক্রীড়াবিদের পদক জয়ের সম্ভাবনা নেই-ই বলা যায়। আরচার ইমদাদুল হক মিলনও সেই স্বপ্ন দেখছেন না। তার শুধু একটাই লক্ষ্য, সেরা দশ জনের মধ্যে থাকা। লন্ডনের উদ্দেশে রওনা দেয়ার আগে তিনি জানিয়েছেন, “সেরা দশের মধ্যে থাকতে পারাই হবে আমার জন্য বড় অর্জন। জানি না এই লক্ষ্য অর্জন করতে পারবো কিনা। তবে চেষ্টার কোনো ত্র“টি থাকবে না।” “আমার প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। বিশেষ করে ব্যাংককে দেড় মাসের নিবিড় প্রশিক্ষণ আমার ক্যারিয়ারের মোড়ই ঘুরিয়ে দিয়েছে,” যোগ করেন মিলন। ব্যাংককে মূলত টেকনিকের ওপর কাজ করা মিলন আরো বলেন, “ব্যাংককে প্রশিক্ষণ নিতে গিয়ে আমার স্কোরের কিছুটা অবনমন হয়েছে। তবে উন্নতি হয়েছে টেকনিকের। টেকনিক অনুযায়ী পারফর্ম করতে পারলে আশা করি অলিম্পিকে ভালো করতে পারবো।” “সব মিলিয়ে সেরা দশ ছাড়াও আমার আরেকটি লক্ষ্য, এশিয়ার সেরা চার জনের মধ্যে থাকা। সে চেষ্টাও করে যাচ্ছি,” যোগ করেন তিনি। মিলন নিজে আশাবাদী হলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তাদের তাকে ঘিরে তেমন প্রত্যাশা নেই। বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ জানিয়েছেন, “মিলনের বর্তমান পারফরম্যান্স হতাশাজনক নয়। তবু তাকে নিয়ে এখনই বড় কোনো আশা করছি না আমরা।” “মিলনকে মূলত পাঠানো হয়েছে অভিজ্ঞতা অর্জনের জন্য। ২০১৬ অলিম্পিকে তার কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করবো আমরা,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৭ঘ.