ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাধারণত ফুটবল হলেও এত দিন এর মালিকানা বাফুফের অধিকারে ছিলো না। বাফুফের জন্য সুখবর, আগামী ২০ বছরের জন্য এই স্টেডিয়ামের লিজ পাচ্ছে তারা।
দেশের দ্বিতীয় সিনথেটিক টার্ফ বসানোর জন্য এই স্টেডিয়াম দেয়া হচ্ছে বাফুফেকে। ফিফা শর্ত দিয়েছে, নিজেদের স্টেডিয়াম থাকলে গোল প্রজেক্টের অধীনে তারা বাফুফেকে আরেকটি টার্ফ দেবে।
তাই স্টেডিয়ামটি ২০ বছরের জন্য লিজ পেতে রোববার ক্রীড়ামন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে কথা বলেন বাফুফে কর্মকর্তারা। ক্রীড়ামন্ত্রী নীতিগতভাবে রাজি হয়েছেন স্টেডিয়ামটি দিতে। অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গোল প্রজেক্টের অধীনে বাফুফে প্রথম টার্ফ বসিয়েছে আরামবাগ বালুর মাঠে। কিছু দিন আগে খেলোয়াড়দের অনুশীলনের জন্য তা উন্মুক্তও করে দেয়া হয়েছে।
বাফুফে সহ-সভাপতি বাদল রায় জানিয়েছেন, “কমলাপুরে টার্ফ বসানো সম্ভব হলে ফিফা পরবর্তীতে আরো টার্ফ দেয়ার আশ্বাস দিয়েছে। সিলেট বিকেএসপিতে আমাদের ফুটবল অ্যাকাডেমি হতে যাচ্ছে। আরো কয়েকটি জায়গায় বসানোর জন্য টার্ফ চাইবো আমরা।”
“এই টার্ফ পেলে ফুটবলারদের অনুশীলনের সমস্যা কিছুটা হলেও দূর হবে। মাঠের সমস্যার কারণে এখন প্রায় প্রতিটি ক্লাবকে হন্যে হয়ে ঘুরতে হয়,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৩৪ঘ.
bdnews24