ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রায় আট হাজার মাইল ভ্রমণের পর শুক্রবার লন্ডনে পৌঁছেছে ‘দ্য অলিম্পিক টর্চ’ বা অলিম্পিকের মশাল। গেমস শুরু হতে আর সাতদিন বাকি। আয়োজকরা আশা করছেন নিরপত্তা নিয়ে ব্যর্থতা, ভ্রমণে বিচ্ছিন্নতা, ধর্মঘটের হুমকি ও খারাপ আবহাওয়াকে ছাপিয়ে খেলাধূলার সবচেয়ে বড় এই আসরে পদক জয়ের জন্য প্রতিদ্বন্দ্বীদের টানটান উত্তেজনাকর লড়াই সংবাদ মাধ্যমের মনযোগ আকর্ষণ করতে পারবে।
লন্ডন অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি সেবাস্টিয়ান কো বলেন, “মশালটি আজ (শুক্রবার) লন্ডনে পৌঁছেছে, উদ্বোধনী অনুষ্ঠানের পর নির্দিষ্ট সময়েই খেলাধূলা শুরু হবে। এটার জন্য আমরা দীর্ঘ সাত বছর পরিশ্রম করেছি এবং আমার মনে হয় আমরা বেশ ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছি।”
“২০৪টি দেশের ১৬ হাজারেরও বেশি প্রতিযোগি লন্ডন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তাদের চার বছরের কঠোর অনুশীলনের ফল পদক জয়ের মাধ্যমে তুলে নিতে চাইবেন,” যোগ করেন অলিম্পিক সোনা জয়ী কো।
তবে কো যতই আশার কথা শোনান না কেন, শেষ মুহূর্তে আয়োজকদের জন্য সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হতে দাঁড়াতে পারে বিমানবন্দর কর্মীদের ধর্মঘটের হুমকি। ছাঁটাই ও বেতন সংক্রান্ত অসন্তোষের কারণে হিথ্রু বিমানবন্দর কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ ২৬ জুলাই ধর্মঘটের হুমকি দিয়েছে। সেই সঙ্গে ২৭ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজ তারা করবে না বলে জানিয়ে দিয়েছে।
এতে বড় ধরণের বিপদে পড়বে শেষ দিনে লন্ডনে প্রবেশ করতে যাওয়া অ্যাথলেট ও দর্শকরা।
কো বলেন, “এটা একটা চ্যালেঞ্জ, এটা খুব, খুবই কঠিন একটা কাজ। কোনো শহরকে এভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। একটি শহরকে এমন সময় এই চ্যালেঞ্জে পড়তে হলো যখন সেখানে অলিম্পিকের আয়োজন হচ্ছে!”
“আমি বিষয়টিকে অবজ্ঞাও করতে পারছি না আবার আশাবাদী হতে পারছি না। এটা সরকারের ব্যাপার,” যোগ করেন এই সভাপতি।
একই কারণে লন্ডনের ট্রেন চালকরা ৬ থেকে ৮ অগাস্ট কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
যদিও লন্ডনের মেয়র বরিস জনসন অবজ্ঞা ভরে বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, “ওহ! সকলে এটা থেকে বেরিয়ে আসুন। দ্রুত এটার মধ্যে এটা মোজা রাখুন।”
তিনি সকলকে ইতিবাচক বিষয়গুলোর প্রতি মনযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩৫ ঘ.
bdnews24