২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক মিশন: যথারীতি অভিজ্ঞতা অর্জনই লক্ষ্য

শুধু প্রশিক্ষণের পেছনে খরচ কোটি টাকার ওপরে। তবু লন্ডন অলিম্পিক থেকে বাংলাদেশের তেমন কোনো প্রত্যাশা নেই। যথারীতি অভিজ্ঞতা অর্জনের জন্যই অলিম্পিকে অংশ নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু প্রশিক্ষণের পেছনে খরচ কোটি টাকার ওপরে। তবু লন্ডন অলিম্পিক থেকে বাংলাদেশের তেমন কোনো প্রত্যাশা নেই। যথারীতি অভিজ্ঞতা অর্জনের জন্যই অলিম্পিকে অংশ নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তারা। কেন কোনো প্রত্যাশা নেই? তাহলে কী শুধু অংশগ্রহণের জন্যই অংশগ্রহণ? বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের উত্তরে বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ বলেন, “আমাদের মূল লক্ষ্য ২০১৬ অলিম্পিক গেমস। সে লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। তাই এবারের অলিম্পিকে কোনো স্বপ্ন নিয়ে নয়, অভিজ্ঞতা অর্জনের জন্য যাচ্ছি।” “অবশ্য জিমন্যাস্টিক্সে সাইক সিজার ও শূটিংয়ে শারমিন আক্তার রতœা নিজেদের সেরা নৈপুণ্য দেখাতে পারলে ভালো কিছু করাও সম্ভব,” যোগ করেন তিনি। বিওএ মহাসচিব জানিয়েছেন, প্রশিক্ষণের জন্য শূটিংয়ে ৮৩ লাখ, আরচারিতে ২৪ লাখ, জিমন্যাস্টিক্সে ১৬ লাখ এবং অ্যাথলেটিক্স ও সাঁতারে দেড় লাখ টাকা করে খরচ হয়েছে। অলিম্পিকে অংশ নিতে ২২ জুলাই লন্ডনের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ১৫ সদস্যের দলের ১১ জন থাকবেন এই বহরে। বাকি চার জনের মধ্যে জিমন্যাস্টিক্স দল ২৩ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে যোগ দেবে। আর শূটিং দল রয়েছে লন্ডনেই। কোচ শোয়েবুজ্জামানের অধীনে শূটার শারমিন আক্তার রতœা আট সপ্তাহ ধরে লন্ডনে প্রশিক্ষণ নিচ্ছেন। আর যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট সাইক সিজার সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন তার কোচের অধীনে। ‘সাফল্য নয়, অংশগ্রহণই বড় কথা’ দর্শনের অনুসারী বাংলাদেশ দলে যথারীতি কর্মকর্তাদের আধিক্য! ১৫ সদস্যের দলে খেলোয়াড় মাত্র ৫ জন, বাকি ১০ জনই কর্মকর্তা। এছাড়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আমন্ত্রণে ৬ জন এবং নিজ খরচে আরো ৬ জন কর্মকর্তা লন্ডনে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৪ঘ