ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৯ সালে বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার সাফল্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিলো চারদিকে। বিতর্কও কম হয়নি। দক্ষিণ আফ্রিকার নারী দৌড়বিদ কেস্টার সেমেনিয়া সব বিতর্ক পেছনে ফেলে অলিম্পিকে সাফল্য পেতে মরিয়া।
বার্লিনে ৮০০ মিটার দৌড়ে সোনা জয়ের পর-পরই লিঙ্গ এবং ড্রাগ পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিলো সেমেনিয়াকে। প্রায় এক বছর ট্র্যাকের বাইরে থাকার পর সব অভিযোগ থেকে মুক্তি পান তিনি। তবে চোটের কারণে ফিরতে বেশ দেরিই হয়েছে।
তিন বছর আগের বিতর্ক সম্পর্কে সেমেনিয়া বলেন, “ওটা এখন অতীত। আমাকে ভবিষ্যতের দিতে মনযোগ দিতে হবে। ও সব নিয়ে আর ভাবতে চাই না। আমি দৌড়ে মনযোগ দিতে পেরেছি আর এটাই সবচেয়ে বড় কথা।”
“আমি সব সময়ই চেষ্টা করি নিজের সেরাটা দিতে। যদিও মাঝে-মাঝে তা পারি না। তবে নেতিবাচক সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতা আমার আছে। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এবং এটাই আমাকে শিখতে হবে। আমাকে পেশাদারের মতো আচরণ করতে হবে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০১১৫ঘ.
bdnews24