ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে লন্ডন অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্রোয়েশিয়ার ব্লাংকা ভ্লাসিচ। শনিবার ব্যক্তিগত ওয়েবসাইটে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন হাই জাম্পের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন।
ভ্লাসিচ জানান, “আমি লন্ডন অলিম্পিকে অংশ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি। সময় এগিয়ে যায় আর (বর্তমান যন্ত্রণা থেকে মুক্তি পেতে) এখন আমার শুধু সময়ই প্রয়োজন।”
এ বছর গোড়ালিতে অস্ত্রোপচার করানো ভ্লাসিচ অনেকখানি সুস্থ হয়ে উঠলেও সোনা জয়ের লড়াইয়ে নামার জন্য তা যথেষ্ট নয় বলেই তার মনে হচ্ছে।
২০০৭ ও ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ভ্লাসিচ। তবে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে এবং গত বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৯ঘ.
bdnews24