২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারকা কোচের দিকেই রাশিয়ার দৃষ্টি

জাতীয় ফুটবল দলের প্রধান কোচের শূন্যস্থান পূরণের লক্ষ্যে ১৩ জনের তালিকা প্রকাশ করেছে রাশিয়ার ফুটবল ইউনিয়ন। এই তালিকায় বার্সেলোনা ও ইংল্যান্ড জাতীয় দলের দুই সাবেক কোচ পেপ গার্দিওলা আর ফ্যাবিও ক্যাপেলোর নামও আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ফুটবল দলের প্রধান কোচের শূন্যস্থান পূরণের লক্ষ্যে ১৩ জনের তালিকা প্রকাশ করেছে রাশিয়ার ফুটবল ইউনিয়ন। এই তালিকায় বার্সেলোনা ও ইংল্যান্ড জাতীয় দলের দুই সাবেক কোচ পেপ গার্দিওলা আর ফ্যাবিও ক্যাপেলোর নামও আছে। আছেন টটেনহাম হটস্পার, লিভারপুল, ইতালি ও আর্জেন্টিনার সাবেক কোচ হ্যারি রেডন্যাপ, রাফায়েল বেনিতেজ, মার্সেলো লিপ্পি এবং মার্সেলো বিয়েলসাও। ইউরো ২০১২’র গ্র“প পর্ব থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর রাশিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ান নেদারল্যান্ডসের ডিক অ্যাডভোকাট। রাশিয়ার ফুটবল ইউনিয়ন (আরএফইউ) এক বিবৃতিতে জানিয়েছে, “আরএফইউ আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে, রাশিয়ার জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য তারা এই বিশেষজ্ঞ কোচদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।” গত মাসে টটেনহাম থেকে বরখাস্ত হওয়া রেডন্যাপের প্রতিনিধি তার আগ্রহের কথাও জানিয়েছেন আরএফইউকে। রেডন্যাপের প্রতিনিধি ফিল স্মিথ জানিয়েছেন, “রাশিয়া যেতে হ্যারির (রেডন্যাপ) কোনো সমস্যা নেই। তিনি যে কোনো দেশে যেতে এবং বসবাস করতে প্রস্তুত। বিশেষ করে রাশিয়ার মতো বড় দেশে। তিনি এরকম প্রস্তাব পেলে অবশ্যই আগ্রহ দেখাবেন। যদিও এ ব্যাপারে (রাশিয়ার কোচ হওয়ার প্রস্তাব) কোনো কিছু আমরা এখনো শুনিনি।” সোমবার রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছিলো, ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি রাশিয়ার সঙ্গে চার বছরের চুক্তি করতে রাজি হয়েছেন। যদিও সেদিনই ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তি নবায়নে সম্মতির কথা জানিয়ে দিয়েছেন দীর্ঘ ৪৪ বছর পর ম্যান সিটিকে ইংল্যান্ডের লিগ শিরোপা এনে দেয়া মানচিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৯ঘ.