ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আল ওয়াসলের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার একদিন পর ডিয়েগো ম্যারাডোনা জানিয়েছেন, দুবাইয়ের ক্লাবটির সঙ্গেই কাজ করে যেতে চান তিনি।
ব্যক্তিগত ওয়েবসাইটে আর্জেন্টিনার এই ফুটবল ঈশ্বর জানিয়েছেন, “আমি সবসময়ই চেয়েছি চমৎকার এই দেশটিতে থাকতে যেখানে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের একটি দলের কোচ হওয়ার সুযোগ দেয়ায় আমি শেখের প্রতি পুরোপুরি কৃতজ্ঞ।”
“দুর্ভাগ্যজনকভাবে ক্লাবটি এমন একটি বিবৃতি দিয়েছে যার সঙ্গে আমি একমত নই। আমার ইচ্ছা আল ওয়াসলের কোচিংয়ের দায়িত্ব চালিয়ে যাওয়া। অর্থের অভাবে যদি ক্লাবটির পক্ষে নতুন খেলোয়াড় কেনা অসম্ভব হয় তবে আমরা একসঙ্গে আলোচনা করতে পারি এবং এর সমাধান খুঁজতে পারি,” যোগ করেন ম্যারাডোনা।
চাকরি ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যারাডোনা বলেন, “আশা করছি দ্রুতই বোর্ডের সঙ্গে আলোচনা হবে......আমার দৃঢ় বিশ্বাস তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং আমরা দরুণ একটি চুক্তিতে পৌঁছাতে পারবো।”
এদিকে ক্লাবের একটি সূত্র জানিয়েছে ম্যারাডোনার বিদায়ী অনুষ্ঠানের পরিকল্পনারও তারা করে ফেলেছে।
২০১১ সালের মে মাসে দুই বছরের চুক্তিতে আল ওয়াসলে যোগ দিয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু তার অধীনে তেমন কোনো সাফল্য পায়নি দুবাইয়ের ক্লাবটি। মঙ্গলবার ম্যারাডোনাসহ তার পুরো টেকনিক্যাল স্টাফ দলটিকেই বরখাস্ত করা হয়।
ম্যারাডোনাকে বিদায় জানানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আল ওয়াসলের সহ-সভাপতি মোহাম্মেদ বিন দোখান বলেন, “ম্যারাডোনা বিশ্বের সেরা ফুটবলারদের একজন এবং তিনি যে একজন যোগ্যতা সম্পন্ন কোচ সেটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু আমরা এমন একজনকে খুঁজছি যিনি আগামীতে আমাদের শিরোপা এনে দেবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএন/২০৩০ ঘ.
bdnews24