২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ইতালি

ব্যর্থ দুই অ্যাশলি ভাই, আবারো শেষ চারে উঠতে ব্যর্থ ইংল্যান্ড। রোববার ইউরো ২০১২ এর শেষ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ইতালি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিলো। সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 03:33 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যর্থ দুই অ্যাশলি ভাই, আবারো শেষ চারে উঠতে ব্যর্থ ইংল্যান্ড। রোববার ইউরো ২০১২ এর শেষ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ইতালি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিলো। সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ জার্মানি। কিয়েভে শুরুতে গতিময় ফুটবল উপহার দিতে থাকে ইতালি ও ইংল্যান্ড। ৩ মিনিটেই এগিয়ে যেতে পরতো ইতালি যদি না ডি রোসির ২৫ গজ দূর থেকে নেয়া জোরালো শট বারে লেগে ফিরে আসতো। পরের মিনিটে নিজেদের প্রথম আক্রমণও প্রায় সফল করে ফেলেছিলো ইংল্যান্ড। কিন্তু বক্সেও মধ্য থেকে নেয়া গ্লেন জনসনের হেড অনেকটা লাফিয়ে উঠে কোনো রকমে বাঁ-হাত দিয়ে আটকান ইতালি গোলরক্ষক বুফন। ধীরে ধীরে ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে ইতালি। বল পাসিং এবং আক্রমণ দুটোতেই প্রতিপক্ষকে পেছেনে ফেলে তারা। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না। ১৪ মিনিটে খেলার ধারার বিপরিতে গোলের আরো একটি সহজ সুযোগ নষ্ট করেন ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েইন রুনি। বক্সের সামান্য বাইরে েেক নেয়া জনসনের চমৎকার ক্রসে মাথা ছোঁয়াতে র্ব্য হন তিনি। ইতালি স্ট্রাইকার মারিও বালোতেল্লি ইংল্যান্ডের রক্ষণে ভীতি ছড়ালেও কাজের কাজ করতে পারছিলেন না। ২৫ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে ফাঁকায় বল পেয়ে যান বালোতেল্লি। সামনে শুধু প্রতিপক্ষ গোলরক্ষক হার্ট। অফসাইডের ফাঁদে আটকা না পড়লেও বলের নিয়ন্ত্রণ নিতে কিছুটা সময় নষ্ট করেন তিনি। ততক্ষণে তাকে আটকাতে পৌঁছে যান জন টেরি। ছয় মিনিট পর বক্সের মধ্যে আবারো হার্টকে একা পেয়েও ব্যর্থ বালোতেল্লি। এভাবে ইতালির একের পর এক আক্রমণ ইংল্যান্ডের রক্ষণে মুখ থুবড়ে পড়তে থাকে। মাঝে মাঝে আক্রমণে উঠছিলো ইংল্যান্ডও। কিন্তু তাতে ধার ছিলো না মোটেও। প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়। বিরতির পর ইংল্যান্ডকে আরো চেপে ধরে ইতালি। বলের দখল নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণে উঠতে থাকে তারা। কিন্তু তাদের আক্রমণে পরিকল্পনার অভাব ছিলো সুস্পষ্ট। ৫২ মিনিটে ইতালির একটি সম্মিলিত আক্রমণ ব্যর্থ করে দেন হার্ট। প্রথমে বালোতেল্লির শট হাঁটু দিয়ে আটকে দেন তিনি। ওই বল ধরে গোলপোস্ট লক্ষ্য করে রিকার্ডো মন্টোলিভোর শট বারের উপর দিয়ে চলে যায়। বল ইংল্যান্ডের অর্ধেই ঘোরাফেরা করলেও বাকি সময়ে গোলের ভালো কোনো সুযোগ আর তৈরি করতে পারেনি ইতালি। ইনজুরি সময়ে পিরলোর ভুলে বল পেয়ে যায় ইংল্যান্ড। কিন্তু অ্যাক্রোবেটিক কায়দায় নেয়া রুনির শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ইউরো ২০১২ এ এটাই প্রথম ম্যাচ যা অতিরিক্ত সময়ে গড়ালো। অতিরিক্ত সময়েও প্রধান্য বিস্তার করেছে ইতালি। গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালিয়েছে ইংল্যান্ডও। কিন্তু সফল হতে পারেনি কোনো দলই। খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শূটআউটে প্রথম গোল করেন ইতালির মারিও বালোতেল্লি। ইংল্যান্ডের স্টিভেন জেরার্ডের গোলে ১-১ সমতা। ইতালির পক্ষে দ্বিতীয় শট নিতে আসা রিকার্ডো মন্টোলিভো গোলপোস্টের বাইরে দিয়ে মারেন। ওয়েইন রুনির গোলে ১-২ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। ইতালির পক্ষে তৃতীয় গোলটি করেন আন্দ্রেয়া পিরলো। কিন্তু ইংল্যান্ডের পক্ষে তৃতীয় শট নিতে আসা অ্যাশলি ইয়ং আটকে যান ক্রসবারে। ফলে ২-২ ব্যবধানে সমতা ফেরে। অ্যান্টোনিও নোকেরিনোর গোলে ৩-২ এ এগিয়ে যায় ইতালি। অ্যাশলি কোলের শট বুফন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দিলে অন্ধকার হয়ে যায় ইংল্যান্ডের সমর্থকদের মুখ। ফুটবলের বড় কোনো আসরের সেমিফাইনালে উঠতে না পারার ১৬ বছরের ব্যর্থতা আরো দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় তখন তারা। এরপর আলেসান্দ্রো দিয়ামান্তির গোল এবং ইতালির উল্লাস ফেটে পড়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৩৩৭ ঘ.