২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

প্রতিযোগিতামূলক ফুটবলে এই প্রথম ফ্রান্সকে হারালো বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 03:07 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাবি আলোনসোর জোড়া গোলে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ইউরো ২০১২ এর সেমিফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। প্রতিযোগিতামূলক ফুটবলে এই প্রথম ফ্রান্সকে হারালো বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ডনব্যাস অ্যারেনায় এদিন স্পেনের হয়ে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন আলোনসো। চমৎকার হেড থেকে প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদে এই খেলোয়াড় জানান দেন দিনটি স্মরণীয় করে রাখতে যাচ্ছেন তিনি। এটি তার চতুর্দশ আন্তর্জাতিক গোল। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার। শুরু থেকেই ছোট ছোট পাসে স্পেনের শৈল্পিক ফুটবলের সামনে অসহায় ছিলো ফ্রান্স। খেলা চলছিলো ফ্রান্সের অর্ধেই। কখনো তা মাঝমাঠে। একের পর এক আক্রমণে উঠছিলো স্পেন। কিন্তু ওই সব আক্রমণ শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলছিলো। ১৯ মিনিটের মাথায় বল ধরে বাঁ-প্রান্ত দিয়ে দ্রুত উঠে আসেন আন্দ্রেস ইনিয়েস্তা। তাকে কাটিয়ে সামনে আগুয়ান জরর্দি আলবাকে বল গড়িয়ে দেন এই প্লেমেকার। প্রতিবেশী খেলোয়াড় রেভেইলেরকে বল দখলের লড়াইয়ে হারিয়ে ব্যাকপোস্টের কাছে থাকা আলোনসোকে মাপা ক্রসে বল দেন আলবা। ৮ গজ দূর থেকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি আলোনসো। বল নিজেদের দখলে রেখে আক্রমণ চালাতে থাকে স্পেন। ফ্রান্সের ফ্রাঙ্ক রিবেরিও মাঝে মধ্যে স্পেন রক্ষণে ভীতি ছড়াতে থাকেন। তবে এদিন একদমই নিষ্প্রভ ছিলেন ফ্রান্সের তারকা খেলোয়াড় করিম বেনজেমা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্ম ফুটবল খেলতে থাকে ফ্রান্স। কিন্তু প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে কিছুতেই পেরে উঠতে পারছিলো না তারা। রিবেরির অদম্য প্রচেষ্টা কখনো সঙ্গীর অভাবে বা কখনো স্পেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের কারণে সফল হতে পারছিলো না। এক সময় মনে হচ্ছিলো এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে যাচ্ছে স্পেন। কিন্তু ৮৯ মিনিটে বক্সের মধ্যে পেদ্রো রদ্রিগুয়েজকে অবৈধভাবে বাধা দেন ডিফেন্ডার রেভেইলের। পেনাল্টি বাঁশি বাজান রেফারি। সেখান থেকে নিজের পঞ্চদশ গোলটি করেন আলোনসো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৩২০ ঘ.