ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুঞ্জন সত্যি করে সাংহাই শেনহুয়াতেই যাচ্ছেন চেলসির চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়ক দিদিয়ের দ্রগবা। চীনের ক্লাবটির সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে আইভরি কোস্টের তারকা স্ট্রাইকারের।
নিজের ওয়েবসাইটে ৩৪ বছর বয়সী দ্রগবা জানান, “কয়েক সপ্তাহ ধরে পাওয়া সব প্রস্তাবই নিয়েই আমি চিন্তা-ভাবনা করেছি। আমার মনে হয়েছে এই মুহূর্তে সাংহাই শেনহুয়াতে যাওয়াই হবে সঠিক সিদ্ধান্ত।”
বুধবার এক বিবৃতিতে সাংহাই শেনহুয়া জানিয়েছে, আগামী ১ জুলাই তাদের দলে যোগ দেবেন দ্রগবা। তবে তাকে দেয়া অর্থের পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি ক্লাবটি।
২৫ জুলাই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেনহুয়ার হয়ে প্রথম খেলতে পারেন দ্রগবা।
গত মাসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টাইব্রেকারে চেলসির জয় নিশ্চিত করা গোলটি ছিল দ্রগবারই। কিন্তু চেলসি-সমর্থকদের উচ্ছ্বাসে জল ঢেলে দিয়ে দলত্যাগের ঘোষণা দেন তিনি।
এ মাসেই চেলসির সঙ্গে দ্রগবার আট বছরের চুক্তির মেয়াদ শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৭ঘ.
bdnews24