ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে সহজেই হারিয়েছে আবাহনী লিমিটেড। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে নীল-আকাশী শিবির।
এই জয়ের সুবাদে আবাহনী পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেলো। ১৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। সামান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা দ্বিতীয় স্থানে। আর ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শেখ জামালের অবস্থান পঞ্চম।
ঘানান স্ট্রাইকার তুয়াম ফ্রাঙ্কের জোড়া গোলেই মূলত আবাহনীর জয়টি সহজ হয়েছে। অবশ্য ম্যাচের মাত্র ১২ মিনিটেই মিডফিল্ডার প্রানোতোষের গোলে এগিয়ে যায় আবাহনী। ঘানান মিডফিল্ডার আইডু ইব্রাহিমের চমৎকার ফ্রি কিকে প্রানোতোষ হেডে লক্ষ্যভেদ করেন (১-০)।
প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ঘানান স্ট্রাইকার তুয়াম ফ্রাঙ্কের পেনাল্টি গোলে আবাহনীর ব্যবধান দ্বিগুন হয়। স্ট্রাইকার জাহিদ হোসেনকে শেখ জামাল ডিফেন্ডার রায়হান ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
৭৪ মিনিটে শেখ জামালের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ফ্রাঙ্ক। ইব্রাহিমের ক্রসে ফ্রাঙ্কের হেড জালে জড়ায় বল (৩-০)।
এই দুই গোল করে ফ্রাঙ্ক গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। মোট ১১ গোল করেছেন এই ঘানান। অবশ্য তার সঙ্গে আরো তিনজন ফরাশগঞ্জের সিও জুনাপিও, মুক্তিযোদ্ধার সানডে সিজোবা ও বিজেএমসির ইসমাইল বানগুরা ১১ গোল করে দ্বিতীয় স্থানে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩০ঘ.
bdnews24