২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের সঙ্গে আবাহনীর হোঁচট

জিতলে শিরোপার পথে অনেকটাই এগিয়ে যেতো আবাহনী লিমিটেড। তবে পেশাদার লিগের প্রথম তিন বারের চ্যাম্পিয়নদের সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দু দলের লড়াইয়ের ফল ১-১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিতলে শিরোপার পথে অনেকটাই এগিয়ে যেতো আবাহনী লিমিটেড। তবে পেশাদার লিগের প্রথম তিন বারের চ্যাম্পিয়নদের সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দু দলের লড়াইয়ের ফল ১-১। ড্র করায় আবাহনীর যেমন ক্ষতি হয়েছে তেমনি লাভ হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের। দুই শিরোপা-প্রত্যাশীর মধ্যে এখন তিন পয়েন্টের ব্যবধান। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী। দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধার সংগ্রহ ৩৪ পয়েন্ট। ২৫ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে চতুর্থ স্থানে। সোমবার শুরুতেই এগিয়ে যায় শেখ রাসেল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকানের ক্রস থেকে ইমন বাবুর প্লেসিং শটে এগিয়ে যায় তারা (১-০)। দুই মিনিট পরই অবশ্য সমতায় ফিরতে পারতো আবাহনী। ব্রাজিলীয় স্ট্রাইকার দ্য সিলভাকে শেখ রাসেলের ঘানার ডিফেন্ডার আব্বাস ইউনুসা বক্সের মধ্যে ফাউল করলে রেফারি আজাদ রহমান পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু জাহিদ হোসেনের শট সাইড বারে লেগে ফিরে আসে। তবে ১৫ মিনিটের সময় তৌহিদের ক্রস থেকে সিলভার চমৎকার হেডে সমতায় ফেরে আবাহনী (১-১)। ৭০ মিনিটে ক্যামেরুনের মিডফিল্ডার অলিভারের শট বারে লেগে ফিরে না এলে এগিয়ে যেতে পারতো শেখ রাসেল। শেষ বাঁশির চার মিনিট আগে আবার শেখ রাসেলের জন্য হতাশা। এবার ইউসুফের দারুণ শট ফিরিয়ে দেন আবাহনীর গোলরক্ষক হাসান। আবাহনীর ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমি খেলোয়াড়দের ওপরে ভীষণ বিরক্ত। ম্যাচশেষে তিনি বলেন, “প্রতিপক্ষ ভালো খেলেছে বলে ম্যাচটা ড্র হয়নি। আমরা খারাপ খেলেছি বলেই জিততে পারিনি।” “খেলোয়াড়রা কেমন যেন অলস ভঙ্গিতে খেলেছে। এভাবে খেললে জেতা সম্ভব নয়,” যোগ করেন আবাহনীর কোচ। অন্যদিকে শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেন, “খেলোয়াড়দের পারফরম্যান্স সন্তোষজনক। কয়েকটি সুযোগ নষ্ট না করলে আমরা জিততেও পারতাম।” ফেনী স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে বিজেএমসি ২-০ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা নাইজেরীয় মিডফিল্ডার আজাগুন আব্দুর রশিদ ও গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২২৫৬ঘ.