ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার অল্পের জন্য অঘটনের হাত থেকে বেঁচে গেলেও সেই সৌভাগ্য হয়নি মেয়েদের টেনিসের এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কার।
রোববার স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভার কাছে ৬-২, ৭-৬ গেমে হেরে গেছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন আজারেঙ্কা।
এদিকে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও ম্যাচ জিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পুরুষদের র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করা জোকোভিচ। সেই সঙ্গে টানা চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
৪ ঘন্টা ১৮ মিনিটের দীর্ঘ লড়াইয়ে ২২তম বাছাই আন্দ্রেয়াস সেপ্পির কাছে প্রথম সেট ৪-৬ গেমে হেরে যান জোকোভিচ। দ্বিতীয় সেট টাইব্রেকারে গড়ালেও সেখানে ব্যর্থ হন সার্বিয়ার এই টেনিস তারকা। টানা দুই সেটে হেরে তখন পরাজয়ের শঙ্কায় জোকোভিচ।
যদিও বাকি সময়টা ছিলো জোকোভিচের অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তার অসাধারণ এক প্রদর্শনী। টানা তিনটি সেট জিতে নিয়ে ৪-৬,৭-৬,৬-৩,৭-৫,৬-৩ গেমে ম্যাচ জিতে নেন জোকোভিচ। গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় এটা তার টানা ২৫তম জয়।
এই জয়ে টানা ১২তম বারের মত কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন তিনি।
এদিন প্রথম সেটে হেরে গিয়েছিলেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক রজার ফেদেরারও। ৭-৫ গেমে ওই সেট জিতে শৈশবের নায়ক ফেদেরারকে চমকে দিয়েছিলেন ‘লাকি লুজার’ বেলজিয়ামের ডেভিড গোফিঁ।
দ্বিতীয় সেটেও লড়াইয়ের আভাস দিয়েছিলেন র্যাংকিংয়ে ১০৯ নম্বরে থাকা গোফিঁ। তবে শেষ পর্যন্ত এটে উঠতে পারেননি।
পরের তিন সেট জিতে ৫-৭, ৭-৫,৬-২,৬-৪ গেমে ম্যাচ জিতে টানা ৩২তম বারের মতো কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড গড়েন ফেদেরার।
মেয়েদের এককে অন্য দুই কোয়ার্টার ফাইনালিস্ট অ্যাঞ্জেলিক কেরবের ও সারা ইরানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১১৪ ঘ.
bdnews24