২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে শীর্ষে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে সহজেই ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চার গোলদাতা সার্জিও অ্যাগুয়েরো, গনজালো হিগুয়াইন, লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। এই জয়ের সুবাদে ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাই এখন লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে সহজেই ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চার গোলদাতা সার্জিও অ্যাগুয়েরো, গনজালো হিগুয়াইন, লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। এই জয়ের সুবাদে ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাই এখন লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষে। বুয়েনস এইরেসে ২০ মিনিটের সময় আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যাগুয়েরো। ৩০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন হিগুয়াইন। তার দুই মিনিট পর মেসির লক্ষ্যভেদে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৬ মিনিটে চতুর্থ ও শেষ গোলটি করেন ডি মারিয়া। আগামী ৯ জুন যুক্তরাষ্ট্রে এক প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শনিবারের আরেক ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে ৫ খেলায় ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চিলি। সমান খেলায় ভেনেজুয়েলা ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের পয়েন্ট ৭। শনিবার উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে ১-১ গোলে ড্র করেছে দুদল। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডিয়েগো ফোরলান ৩৯ মিনিটে এগিয়ে দেন উরুগুয়েকে। জাতীয় দলের পক্ষে এটি ফোরলানের রেকর্ড ৩৩তম গোল। শেষ বাঁশির ৫ মিনিট আগে স্ট্রাইকার হোসে রনডনের লক্ষ্যভেদে সমতায় ফেরে ভেনেজুয়েলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৮ঘ.