ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সঙ্গে ড্র করে শিরোপার রেস থেকে কিছুটা পিছিয়ে পড়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই মুক্তিযোদ্ধাই ৩-০ গোলে শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে লড়াইয়ে ফিরেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই জয়ে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে মুক্তিযোদ্ধা। অবশ্য ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো তারা। এক ম্যাচ কম খেলে আবাহনীর সংগ্রহ ৩৬ পয়েন্ট।
এই মুক্তিযোদ্ধার বিপক্ষে প্রথম লেগে ব্রাদার্স ২-১ গোলে জিতেছিলো। এদিনও তারা প্রথমার্ধ পর্যন্ত আটকে রেখেছিলো প্রতিপক্ষকে। দ্বিতীয়ার্ধে গিয়ে আর পেরে উঠেনি তারা।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বক্সের সামনে থেকে ডিফেন্ডার আরিফুল ইসলামের শটে ব্রাজিলীয় ডিফেন্ডার রাফায়েল মাথা ছোঁয়ালেই বল ঠিকানা খুঁজে পায় ব্রাদার্স জালে (১-০)।
৭০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আরেক ডিফেন্ডার নাসির উদ্দিন নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার ক্রসে প্লেসিং শটে (২-০)।
ম্যাচের অতিরক্তি সময়ে সানডে মুক্তিযোদ্ধার পক্ষে তৃতীয় গোল করেন মাঝমাঠ থেকে বল পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে আড়াআড়ি শটে (৩-০)।
এই হারে ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ব্রাদার্স াকালো সপ্তম স্থানে। দ্বিতীয় লেগে এটি তাদের টানা চর্তু হার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৪০ঘ.
bdnews24