ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের জন্য সুখবর। হ্যামস্ট্রিং চোটে পড়া মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আসন্ন ইউরো ২০১২ এর শুরু থেকেই তাকে দলের পাওয়ার সম্ভাবনাও বেড়েছে।
এক টুইটার বার্তায় ফ্যাব্রেগাস লেখেন, “সফল ডাক্তারি পরীক্ষা হয়েছে। চোটের বর্তমান অবস্থায় আমি খুব খুশি।”
গতমাসে কিংস কাপের ফাইনালে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে শেষ দশ মিনিটে মাঠে নামেন ফ্যাব্রেগাস। ওই ম্যাচে চোটে পড়েন তিনি। ৩-০ গোলে ম্যাচ জেতে বার্সেলোনা।
ইউরোর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে রোববার চীনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। দলের সঙ্গে অনুশীলন করলেও ওই ম্যাচে ফ্যাব্রেগাসের খেলার সম্ভাবনা কম।
তবে ১০ জুন ইতালির বিপক্ষে ইউরোয় নিজেদের উদ্বোধনী ম্যাচে দেখা যেতে পারে ফ্যাব্রেগাসকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯১৫ ঘ.
bdnews24