২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালের কাছে মোহামেডানের হার

টানা ৭ ম্যাচ অপরাজিত ছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। দুই ম্যাচ আগেও শীর্ষে থাকা আবাহনীকে হারিয়েছিলো তারা। তবে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সেই মোহামেডানই গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৪-২ গোলে হেরে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ৭ ম্যাচ অপরাজিত ছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। দুই ম্যাচ আগেও শীর্ষে থাকা আবাহনীকে হারিয়েছিলো তারা। তবে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সেই মোহামেডানই গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৪-২ গোলে হেরে গেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের সর্বনাশের প্রধান কারণ দুটি পেনাল্টি এবং একটি লাল কার্ড। তবে হেরে গেলেও ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির খুবই ভালো খেলেছে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে (৫০ মিনিটে) পেনাল্টি গোলে এগিয়ে যায় শেখ জামাল। নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখনকে মোহামেডানের ক্যামেরুনের ডিফেন্ডার নায়েক নায়েব ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুযোগটা কাজে লাগিয়ে সিয়েরা লিওনের ডিফেন্ডার আহমেদ জাওয়াদ গোল করেন। ১১ মিনিট পর নায়েক লাল কার্ড পেয়ে বেরিয়ে গেলে আরো বিপদে পড়ে যায় মোহামেডান। ৬৫ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার চিগোজির কর্নার থেকে ডিফেন্ডার রজনী কান্ত বর্মণের চমৎকার হেডে সমতায় ফেরে মোহামেডান (১-১)। ৭২ মিনিটে শেখ জামাল আবার এগিয়ে যায় তৌহিদুল আলম সবুজের গোলে। মোহামেডান ডিফেন্ডারদের ব্যর্থতায় অরক্ষিত সবুজ আলতো শটে গোলটি করেন (২-১)। ৭৯ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে শেখ জামাল আরো এগিয়ে যায়। কেস্টারকে মোহামেডানের ডিফেন্ডার মোরসালিন পারভেজ ফেলে দিলে রেফারি মিজানুর রহমান পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে কেস্টার নিজেই গোল করেন (৩-১)। ৭ মিনিট পর বদলী খেলোয়াড় সোহেল রানা শেখ জামালের পক্ষে চতুর্থ গোল করেন। মাঝমাঠ থেকে মোনায়েম খান রাজুর পাস ধরে, প্রতিপক্ষের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে গোল করেন সোহেল (৪-১)। শেষ মুহূর্তে দর্শনীয় শটে গোল করে ব্যবধান কমান মোহামেডানের মোবারক হোসেন। এবারের লিগে এটি অন্যতম সেরা গোল। এই জয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শেখ জামাল উঠে এলো চতুর্থ স্থানে। এর আগে তারা ছিলো ষষ্ঠ স্থানে। আর মোহামেডান ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান থেকে নেমে গেলো ষষ্ঠ স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৮ঘ.