ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত এপ্রিলে যকৃৎ প্রতিস্থাপন করানো হয় বার্সেলোনার ফরাসী ডিফেন্ডার এরিক আবিদালের। ফুটবল-জীবন অনিশ্চয়তার মধ্যে পড়লেও আবিদালের চিকিৎসক আশা করছেন, আবারো মাঠে ফিরতে পারবেন তিনি।
গত বছর আবিদালের যকৃৎ থেকে টিউমার অপসারণ করা হয়। এরপর মাঠে ফিরলেও গত ১০ এপ্রিল তার যকৃৎ প্রতিস্থাপন করা হয়।
বৃহস্পতিবার স্পেনের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে আবিদালের অস্ত্রোপচার করা চিকিৎসক হুয়ান কার্লোস গার্সিয়া-ভালদেকাসাস বলেন,“এটা তার ওপর নির্ভর করছে। আসলে সময়ই সব বলবে।”
“যকৃৎ এমন একটি প্রত্যঙ্গ যা তিন মাসের মধ্যে আগের অবস্থায় ফিরে আসে। আবিদাল ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিন বা ছয় মাস, সর্বোচ্চ এক বছরের মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম,” যোগ করেন ওই চিকিৎসক।
আবিদাল সম্পর্কে তিনি আরো বলেন, “তিনি (আবিদাল) সব সময়ই প্রচন্ড উদ্যমী। তিনি সব কিছুই ইতিবাচক ভাবে নেন। যা সত্যিই অসাধারণ। তিনি কখনোই কোনো কিছু নিয়ে অভিযোগ করেন না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫১ঘ.
bdnews24