ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজে করেছেন দুই গোল। অন্য গোলটির রূপকারও তিনি। স্ট্রাইকার হাল্কের নৈপুণ্যেই প্রীতি ম্যাচে ডেনমার্ককে সহজেই ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল।
জার্মানির হামবুর্গে মূলত তরুণদের নিয়ে গড়া দল মাঠে নামান ব্রাজিলের কোচ মানো মেনেজেস। ম্যাচের অষ্টম মিনিটেই প্রায় ২৮ মিটার দূর থেকে নেয়া হাল্কের জোরালো শট এগিয়ে দেয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
পাঁচ মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। প্রতিপক্ষের ডিফেন্ডার ক্রিস্টিয়ান পলসেনের ভুলে বল পেয়ে, বক্সের ভেতর থেকে জোরালো শট নেন হাল্ক। মিডফিল্ডার নিকি জিমলিংয়ের গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে।
৪০ মিনিটে আবার গোল। ডেনমার্কের ডিফেন্ডার ড্যানিয়েল অ্যাগারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলকে ৩-০তে এগিয়ে দেন পোর্তোর স্ট্রাইকার হাল্ক।
৭১ মিনিটে জিমলিং একটি গোল শোধ করলেও ডেনিশরা আর ম্যাচে ফিরতে পারেনি।
এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো।
লন্ডন অলিম্পিকের প্রস্তুতি হিসেবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরো তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপে পাঁচ বার চ্যাম্পিয়ন হলেও ব্রাজিল এখনও অলিম্পিক ফুটবলের শিরোপা জিততে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৮ঘ.
bdnews24