ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়েছিলো তারা। শুক্রবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি লেগে আরেক শক্তিশালী দল শেখ রাসেল ক্রীড়াচক্রকেও হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের জয়ের ব্যবধানও একই, ২-০।
১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান পঞ্চম। এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে শেখ রাসেল।
শুক্রবার প্রথম গোলের জন্য মোহামেডানকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৩ মিনিটে স্ট্রাইকার ওয়াহেদের পাস থেকে মিডফিল্ডার মোবারক হোসেনের শট শেখ রাসেলের অভিজ্ঞ গোলরক্ষক বিপ্ল¬ব ভট্টাচার্য্যর হাত ফস্কে বেরিয়ে আসে। ফিরতি শটে দলকে এগিয়ে দেন মোবারক (১-০)।
বিরতির মিনিট তিনেক আগে আবার গোল। মোহামেডানের নাইজেরীয় স্ট্রাইকার অগাস্টিন সিজোবাকে শেখ রাসেলের ডিফেন্ডার আমিনুল বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সুযোগটি কাজে লাগিয়ে ব্যবধান ২-০ করেন বেনিনের স্ট্রাইকার ওকালাউন।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে কয়েকটি সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি শেখ রাসেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৫ঘ.
bdnews24