২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবার পিছিয়ে পড়েও আবাহনীর জয়

দুবার এগিয়ে গিয়েও আবাহনীকে হারাতে পারেনি বিজেএমসি। শুক্রবার টাঙ্গাইল স্টেডিয়ামে ৩-২ গোলে জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে আকাশী-হলুদের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুবার এগিয়ে গিয়েও আবাহনীকে হারাতে পারেনি বিজেএমসি। শুক্রবার টাঙ্গাইল স্টেডিয়ামে ৩-২ গোলে জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে আকাশী-হলুদের দল। এই জয়ে শিরোপা-লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ মুক্তিযোদ্ধার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেলো আবাহনী। ১৫ ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ৩৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ৩১। ২১ পয়েন্ট নিয়ে বিজেএমসি আছে তৃতীয় স্থানে। মাত্র দ্বিতীয় মিনিটেই স্বদেশী মিডফিল্ডার উচে ফেলিক্সের ক্রস থেকে বিজেএমসিকে এগিয়ে দেন নাইজেরীয় স্ট্রাইকার আজাগুন আব্দুর রশিদ (১-০)। ২২ মিনিটে ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিমের ফ্রিকিক বক্সের ভেতর ধরে, দুর্দান্ত ভলিতে আবাহনীকে সমতায় ফেরান ডিফেন্ডার লিঙ্কন (১-১)। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৪ মিনিটে মিডফিল্ডার ফেলিক্স আবার এগিয়ে দেন বিজেএমসিকে। গোলমুখে ফেলা আব্দুল্ল¬াহ পারভেজের ক্রস আবাহনীর গোলরক্ষক সোহেলের হাত ফস্কে বেরিয়ে গেলে ফেলিক্স আলতো টোকায় গোল করেন (২-১)। তবে তিন মিনিট পরই আবার সমতা নিয়ে আসে আবাহনী। গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড দা সিলভা (২-২)। আর ৭৭ মিনিটে ঘানার মিডফিল্ডার থুয়াম ফ্রাঙ্কের লক্ষ্যভেদে নিশ্চিত হয় আবাহনীর জয় (৩-২)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৮ঘ.