২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ জুলাই মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচন

শেষ পর্যন্ত বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তারিখ ঠিক হয়েছে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপণে আগামী ২ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তারিখ ঠিক হয়েছে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপণে আগামী ২ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ২৯টি পদে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচন হবে। এর মধ্যে একটি জেষ্ঠ্য সহ-সভাপতি, একটি সাধারণ সম্পাদক, ৫টি সহ-সভাপতি, দুটি যুগ্ম সম্পাদক, একটি কোষাধ্যক্ষ এবং ১৯টি সদস্য পদ। মহিলা ক্রীড়া সংস্থার বর্তমান অ্যাডহক কমিটি নিয়ে কয়েক দিন আগে আদালতের স্থগিতাদেশ এবং পাল্টা স্থগিতাদেশের ঘটনা ঘটেছে। সাবেক সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার কিরণের আবেদনের প্রেক্ষিতে ১৩ মে আদালত অ্যাডহক কমিটির কার্যক্রম এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। ১৫ মে হাই কোর্টের আপিল বিভাগ এই স্থগিতাদেশ আবার স্থগিত করে দেন। এর আগে গত ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপণে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙ্গে দেয়। সে সময় কিরণ ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক। পরে ৭ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এর মধ্যে ৬ জনই ছিলেন সরকারী কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৯ঘ.