২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনা-উত্তর যুগে নাপোলির প্রথম ট্রফি

এ মৌসুমে ‘ডাবল’ জেতা হলো না ইতালির সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের। ফাইনালে তাদের ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জিতে নিয়েছে নাপোলি। ডিয়েগো ম্যারাডোনা বিদায় নেয়ার পর এটাই নাপোলির প্রথম কোনো গুরুত্বপূর্ণ ট্রফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ মৌসুমে ‘ডাবল’ জেতা হলো না ইতালির সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের। ফাইনালে তাদের ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জিতে নিয়েছে নাপোলি। ডিয়েগো ম্যারাডোনা বিদায় নেয়ার পর এটাই নাপোলির প্রথম কোনো গুরুত্বপূর্ণ ট্রফি। ১৯৮৪ সালে নাপোলিতে যোগ দিয়ে ম্যারাডোনা প্রায় একাই মাঝারি মানের দলটিকে পৌঁছে দিয়েছিলেন অন্য উচ্চতায়। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের নেতৃত্বে দু বার সিরি ‘এ’ এবং একবার করে ইতালিয়ান কাপ, ইতালিয়ান সুপার কাপ ও উয়েফা কাপে চ্যাম্পিয়ন হয়েছিলো নাপোলি। কিন্তু ১৯৯১-এ ম্যারাডোনা কোকেন সেবনের দায়ে ১৫ মাস নিষিদ্ধ হওয়ার পর নাপোলির দুঃসময়ও শুরু হয়। ২০০৪ সালে দেউলিয়া ঘোষিত ক্লাবটি নেমে গিয়েছিলো সিরি ‘সি’ বা তৃতীয় বিভাগে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নাপোলি আজ ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন। রোববারের ফাইনালে ৬৩ মিনিটে এডিনসন কাভানির পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। ৮৩ মিনিটে মারেক হামসিকের লক্ষ্যভেদ ১৯৮৯-৯০ মৌসুমের সিরি ‘এ’র পর প্রথম গুরুত্বপূর্ণ শিরোপা নিশ্চিত করে নাপোলির। এবারের সিরি ‘এ’র অপরাজিত চ্যাম্পিয়ন জুভেন্টাস ম্যাচে তো ফিরতে পারেইনি, বরং ৮৯ মিনিটে ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লার লাল কার্ড আরো লজ্জায় ফেলে দেয় তাদের। ১৯ মৌসুম জুভেন্টাসে কাটিয়ে অবসর নিতে যাওয়া আলেসান্দ্রো দেল পিয়েরোর বিদায়টাও তাই সুখকর হলো না। ইতালি ও জুভেন্টাসের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড আগেই জানিয়ে রেখেছেন, এ মৌসুম শেষে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৪৭ঘ.