ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টাইব্রেকারে আর্জেন রুবেনসহ বায়ার্ন মিউনিখের বেশ কয়েকজন খেলোয়াড় শট নিতে চায়নি বলে জানিয়েছেন দলের কোচ জাপ হেইনকেস।
হেইনকেস রিপোর্টারদের বলেন, “কয়েকজন খেলোয়াড় শট নেয়ার ব্যাপার নিশ্চিত বা আত্মবিশ্বাসী ছিলেন না।
“১২০ মিনিট ধরে খেলার পর তারা বেশ ক্লান্ত ছিলেন। তা ছাড়া পেনাল্টি শট নিতে কাউকে জোর করা যায় না,” যোগ করেন তিনি।
এর মধ্যে বায়ার্নের সব পোনাল্টি শট নেয়া রুবেনও ছিলেন। তিনি অতিরিক্ত সময়ের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। টাইব্রেকারে শট নেয়ার জন্য তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন না।
হেইনকেস বলেন, “এ কারণেই ন্যূয়েরকে শট নিতে হয়। এটি বোধগম্য।”
৮৩ মিনিটে এগিয়ে যাওয়ার পরও টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে হেরে যায় বায়ার্ন।
এর আগে লিগে গুরুত্বপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রুবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭০৪ ঘ.
bdnews24