২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর জয়ের ধারা অব্যাহত

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে জিতেই চলেছে আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে জিতেই চলেছে আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। ফিরতি লেগে আবাহনীর এটি টানা দ্বিতীয় জয়। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তাদের শীর্ষস্থান আরো সুসংহত। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধা আবাহনীর চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে। ৯ পয়েন্ট নিয়ে আরামবাগ সবার নিচে। ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় আবাহনী। বক্সের মধ্যে মিডফিল্ডার জাহিদ হোসেনকে আরামবাগের ডিফেন্ডার জাহিদুল হাসান ডালিম ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে ঘানার স্ট্রাইকার থুয়াম ফ্রাঙ্কের শট আরামবাগের গোলরক্ষকের পায়ে লেগে জড়িয়ে যায় জালে (১-০)। বিরতির ঠিক আগে সমতায় ফিরতে পারতো আরামবাগ। কিন্তু নাইজেরীয় স্ট্রাইকার এলেটা কিংসলের চমৎকার হেড আবাহনীর ডিফেন্ডার মোহাম্মদ সুজন গোললাইন থেকে ফিরিয়ে দিলে হতাশ হতে হয় তাদের। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জয় নিশ্চিত হয় আবাহনীর। নাসিরুল ইসলামে থ্রু থেকে ফ্রাঙ্কের গোলমুখে নেয়া দুর্বল শট আরামবাগের ডিফেন্ডার আবুল কাশেমের পায়ে লেগে দিক বদলে চলে যায় জালে (২-০)। নাইজেরীয় স্ট্রাইকার লাকি পলের দুর্দান্ত নৈপুণ্যের কারণে কয়েকটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি ফ্রাঙ্ক। পলের পা ভেঙ্গে যাওয়ায় প্রথম একাদশে সুযোগ পেয়ে তা ভালোভাবে কাজে লাগালেন তিনি। ১৩ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা পলকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৭ ঘ.