ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম মহিলা হকি প্রতিযোগিতা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে নড়াইল জেলা ও নাহার অ্যাকাডেমি এবং আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়।
অনূর্ধ্ব-১৮ বছরের মেয়েদের এই প্রতিযোগিতায় ৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে তিনটি স্কুল, দুটো জেলা দল এবং একটি অ্যাকাডেমি দল। উদ্বোধনী দিনে মাঠে নামা চার দল ছাড়া বাকি দুই দল হলো কামরুন্নেসা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ও বান্দরবান জেলা।
১৯৮২ সালে সর্বশেষ মহিলা হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। মহিলা ক্রীড়া সংস্থা তখন এই প্রতিযোগিতার আয়োজন করতো।
হকি ফেডারেশনের আয়োজনে এটাই প্রথম মহিলা হকি প্রতিযোগিতা। অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে ফেডারেশন থেকে কোচ এবং সরঞ্জাম দিয়ে খেলোয়াড়দের ১৫ দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ২০ হাজার, রানার্সআপ দল ১৫ হাজার এবং সেরা খেলোয়াড় ৫ হাজার টাকা পুরস্কার পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৪৬ ঘ.
bdnews24